জিম্বাবুয়ের মহাকাব্যিক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের জয়ের নায়ক ক্রেগ আরভিন, সেঞ্চুরির পর l ক্রিকইনফো
জিম্বাবুয়ের জয়ের নায়ক ক্রেগ আরভিন, সেঞ্চুরির পর l ক্রিকইনফো

ছোটবেলায় দুর্ঘটনায় ডান হাত হারাতে বসেছিলেন। সেটা কাটিয়ে ক্রিকেটে ফেরাটা রূপকথার মতোই। ক্রেগ আরভিন কাল আরও একটা রূপকথার নায়ক হলেন, হারারেতে ১০৮ বলে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়েকে এনে দিয়েছেন ৭ উইকেটের স্মরণীয় জয়।
বাজে ফর্মের কারণে ভারত সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন। দলে ফিরেই পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, তাও আবার ৩০৪ রানের পাহাড় টপকে। আরভিন ম্যাচটা অনেক দিনই মনে রাখবেন। বিশাল রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই এগিয়েছে মসৃণ গতিতে। দলীয় ৭৪ রানে চিবাবা আউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েছেন মাসাকাদজা-আরভিন। ৮৪ রান করে মাসাকাদজা আউট হয়ে যাওয়ার পর আরভিনকে সঙ্গ দিয়েছেন চিগুম্বুরা। ২৬০ রানে চিগুম্বুরা আউট হয়ে গেলেও জিম্বাবুয়ে দমে যায়নি। এক ওভার বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে নিয়েছে। সাউদি-বোল্ট-অ্যান্ডারসনবিহীন নিউজিল্যান্ড বোলিংয়ের একমাত্র বড় নাম নাথান ম্যাককালামের ৬২ রানে ৩ উইকেট।
এর আগে নিউজিল্যান্ডের ৩০৩ রানের বড় পুঁজি এনে দিয়েছিলেন ফর্মে থাকা কেন উইলিয়ামসন ও রস টেলর। তৃতীয় উইকেটে দুজনের ১৩৭ রানের জুটিটাই পথ দেখিয়েছে নিউজিল্যান্ডকে। উইলিয়ামসন ৩ রানের জন্য ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পাননি, তবে টেলর নিজের ১৫তম (এ বছরের চতুর্থ) সেঞ্চুরি ঠিকই পেয়েছেন। টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩০৩/৪ (গাপটিল ১১, ল্যাথাম ১৪, উইলিয়ামসন ৯৭, টেলর ১১২*, এলিয়ট ৪৩, নিশাম ১৪*; পানিয়াঙ্গারা ২/৫০, চিবাবা ১/৩২, ক্রেমার ০/৪৮)। জিম্বাবুয়ে: ৪৯ ওভারে ৩০৪/৩ (মাসাকাদজা ৮৪, চিবাবা ৪২, আরভিন ১৩০*, চিগুম্বুরা ২৬, উইলিয়ামস ৭*; নাথান ম্যাককালাম ৩/৬২)।
ফল: জিম্বাবুয়ে ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ক্রেগ আরভিন।