জিম্বাবুয়ের শেষ চেষ্টা

মাঠের এক কোনায় জিম্বাবুয়ে দল। খেলোয়াড়দের হইচই শোনা যাচ্ছিল অনেক দূর থেকেই। হুড়োহুড়ি-ছুটোছুটি, মারামারি-কাড়াকাড়ি, খুনসুটি-দুষ্টুমি, জিম্বাবুয়ের গা গরমের রাগবি ম্যাচ থেকে মনে হচ্ছিল এই খেলার চেয়ে মজার কিছু নেই। ম্যাচের পর মাঠের মাঝখানে গোল হয়ে দাঁড়ানো, মাঝে দাঁড়িয়ে কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গোর ক্লাস। ক্লাস শেষে আবার সবাই একসঙ্গে গগনবিদারী চিৎকার!
বাংলাদেশে পা রাখার পর জয়ের দেখা মেলেনি এখনো। একের পর এক হারে আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। জিম্বাবুয়ের কোচিং স্টাফরা চেষ্টা করছেন সেটা যতটা পারা যায় টেনে তোলার। বলা যায় শেষ চেষ্টা। আজ হারলে সিরিজের মাঝপথেই সব শেষ। জিতলে বেঁচে থাকা। দেয়ালে পিঠ ঠেকে গেছে, যা করার করতে হবে আজই।
দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে সেই তাড়নার কথা বললেন ভুসিমজি সিবান্দা, ‘সত্যি বলতে, এটি আসলেই বাঁচা-মরার ম্যাচ। অবশ্যই জয়ের জন্য মাঠে নামব আমরা। ছেলেরা জয়ের জন্য ক্ষুধার্ত। সিরিজে টিকে থাকতে হবে। আমাদের জন্য কার্যত এখন এটি এক ম্যাচের সিরিজ, এই ম্যাচে নিজেদের সবটা উজাড় করে দিতে হবে।’
গা গরম আর অনুপ্রেরণা খোঁজার ক্লাসের আগেই হয়ে গেছে উইকেট পরিদর্শন। মাঠে ঢুকেই কাভার সরিয়ে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখেছেন কোচ, সহকারী কোচ। জিম্বাবুয়ের আশার পালে খানিকটা দোলা দিতে পারে এই উইকেট আর মাঠ। সফরে জিম্বাবুয়ের সেরা পারফরম্যান্স ছিল এই মাঠেই। প্রথম টেস্টে ছোট্ট পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছিল জিম্বাবুয়ে। উইকেটের গতি ও বাউন্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের নাকাল করে ছেড়েছিলেন জিম্বাবুয়ের পেসাররা।
ওয়ানডেতেও অনেকটা টেস্টের মতো উইকেট আশা করছেন সিবান্দা, ‘উইকেট নাটকীয়ভাবে খুব বেশি বদল না দেওয়া হলে আমরা কিছুটা গতি ও বাউন্স আশা করছি। সেটা যদি হয়, তাহলে আমাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খানিকটা বাড়বে।’
উইকেট দেখে কাল সিবান্দারা কতটা কি বুঝেছেন, কে জানে। তবে টেস্টের মতো অতটা বাউন্সি উইকেট থাকার সম্ভাবনা আজ প্রায় শূন্যের কোটায়। তেমন উইকেট পেলেও কাজটা কঠিন জিম্বাবুয়ের জন্য।
সেই বাস্তবতা মানেন সিবান্দাও, ‘দেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে পেরে ওঠা কঠিন। ওদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে, আমাদের তলানিতে। ওরা সমর্থন পায় অনেক। আর ২৫ জনের পক্ষে গোটা একটি জাতির সঙ্গে পেরে ওঠা কঠিন। তবে অতীতে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তাই ঘুরে দাঁড়ানোর আশা ছাড়ছি না।’