জিম্বাবুয়ের সামনে ধুঁকছে পাকিস্তান

রান রেট তিনও পেরোয়নি। চলছে টুক–টুক ব্যাটিংয়ের প্রদর্শনী। কে বলবে এটা ওয়ানডে! জিম্বাবুয়ের বিপক্ষে ২৭৭ রানের লক্ষ্যটা যেন পাহাড়সম হয়ে গেছে পাকিস্তানের কাছে। হারারাতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান। সর্বশেষ সংগ্রহ, ২২ ওভারে ৬ উইকেটে ৭৮।
অধিনায়ক আজহার আলী, বিলাল আসিফ ও আসাদ শফিক—তিনজন মিলে করেছেন দুই রান! চতুর্থ উইকেটে দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। কিন্তু হাফিজ ২৭ রানে রান আউটে ফিরে গেলে আরও বিপদে পড়ে যায় পাকিস্তান। মালিক ব্যাট করছেন ২৯ রানে।
টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠান পাকিস্তানি অধিনায়ক আজহার। খুব একটা উইকেট বিলিয়ে না দিলেও পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুর দিকে রান তুলতে বেগই পেতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ৩৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৩। বাকি ৯০ বলে এসেছে ১২৩ রান। স্লগ ওভার দারুণভাবে কাজে লাগিয়েছেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। শেষ ৪২ বলেই এসেছে ৭০ রান।
ব্রায়ান চারি-চামু চিভাভার ৯১ রানের দ্বিতীয় উইকেট জুটি ভালো ভিত্তি দিলেও জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং স্কোর দেয় মূলত চিগুম্বুরা-সিকান্দার রাজার পঞ্চম উইকেট জুটি। ৩৬ বলে ৬২ রান তোলে এ জুটি। ওয়াহাব রিয়াজের বলে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৯০ এসেছে চিভাভার ব্যাট থেকে। অধিনায়ক চিগুম্বুরা করেছেন ৫৫ বলে ৬৭ রান। ২১ বলে ৩২ করেছেন রাজা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রিয়াজ।