জিম্বাবুয়ের 'রুদ্ধদ্বার' প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যামিল্টন মাসাকাদজা কাল অনুশীলনে
হ্যামিল্টন মাসাকাদজা কাল অনুশীলনে

হ্যামিল্টন মাসাকাদজা যেন আকাশ থেকে পড়লেন, ‘রুদ্ধদ্বার ছিল নাকি!’
মিরপুরের ইনডোর-লাগোয়া নেটে অনুশীলন করছিল জিম্বাবুয়ে দল। পাশে গ্রিলের বাউন্ডারি কালো কাপড়ে ঢেকে দেওয়া আগে থেকেই। সামনের খোলা অংশও সাদা কাপড়ে ঢাকা। ক্রিকেটারদের যাওয়া-আসার জন্য দরজামতো একটা ফাঁকা জায়গা রাখা হয়েছিল, কাল সেটাও কাপড়ে ঢাকা। সব মিলিয়ে চারপাশ ঢাকা ইনডোরের নেট, ভেতরে কী হচ্ছে বোঝার উপায় নেই। এমনিতে ইনডোরের মূল গেট সংবাদকর্মীদের জন্য অবারিত হলেও কাল সেখানে ঢোকা নিষেধ। রুদ্ধদ্বার অনুশীলন নয় তো কী! কিন্তু সেই ‘বদ্ধ ঘরের’ পর্দা সরিয়ে বেরিয়ে মাসাকাদজা সেটা স্বীকারই করতে চাইলেন না, ‘আমি তো বুঝতেই পারিনি যে, রুদ্ধদ্বার নেট সেশন ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পদচারণ এক যুগেরও বেশি। এসব প্রশ্ন কী করে সামলাতে হয়, মাসাকাদজা তা ভালো করেই জানেন। কিন্তু বড় কৌতূহলের ব্যাপার, জিম্বাবুয়ে কী আড়াল করতে চাইছে? গোপনাস্ত্র বলে তো কিছু নেই তাদের। গত টেস্টে না খেলা ওয়েলিংটন মাসাকাদজা বা নাতসাই মুশাঙ্গুয়েদের তো দেখা হয়েই গেছে প্রস্তুতি ম্যাচে। ব্যাটসম্যানরা এখন স্পিন সামলানোর অনুশীলন করছেন। কিন্তু সেটার জন্য এমন কোনো ‘মহাকাশবিজ্ঞান সূত্র’ নিশ্চয়ই আবিষ্কার করে ফেলেননি যে লুকিয়ে করতে হবে! ব্যাটিং লাইনআপে পরের টেস্টে পরিবর্তন আসতে পারে। রিচমন্ড মুতুম্বামি, ব্রায়ান চারি বা ম্যালকম ওয়ালারদের একজন-দুজন একাদশে ঢুকবেন নিশ্চিতভাবেই। তিনজনকেই দেখা গেল লম্বা সময় ব্যাট করে বেরিয়ে যেতে। হয়তো এসব দেখতে দিতে চায় না টিম ম্যানেজমেন্ট কিংবা দেখাতে চায় না ব্যাটিং অর্ডার। কিন্তু টেস্টের আগের দিন হলে না হয় এসবের যৌক্তিকতা বোঝা যেত।
একটি প্রশ্নে মাসাকাদজার উত্তরে অবশ্য তা খানিকটা বেরিয়ে এল। মিরপুরের অভিজ্ঞতার পর খুলনা-চট্টগ্রামেও একই রকম উইকেট আশা করছে জিম্বাবুয়ে। মাসাকাদজা জানালেন, স্পিন সামলানোর উপায় নিয়ে তাই মাথা খাটাচ্ছেন কোচিং স্টাফ থেকে শুরু করে দলের ক্রিকেটাররাও, ‘অনেকেই অনেক পরিকল্পনা নিয়ে আসছে সামনে, সবাই নানা কিছু চেষ্টা করছে। অনেক ভাবা হচ্ছে, আলোচনা হচ্ছে। আজ নেটে যেমন আমরা ভিন্ন কিছু চেষ্টা করেছি।’ বুঝতে আর বাকি থাকে না, ওই ‘ভিন্ন কিছু’ দেখতে না দিতেই দ্বারবন্ধ অনুশীলন!
অনেক ভাবনার একটা ‘ফসল’ কাল পরীক্ষা করে দেখেছেন মাসাকাদজা। স্পিন খেলার অনুশীলনের অভিনব এক উপায় বের করেছেন। নেটে ব্যাটিংয়ের জায়গাটুকুতে বিছিয়ে নিয়েছিলেন জাল। ছোট ভাই ওয়েলিংটন মাসাকাদজা বল ছুড়ছিলেন ওই জালে, ব্যাট করছিলেন বড় ভাই হ্যামিল্টন। পর্দার ফাঁক গলে তা দেখা গেল ক্ষণিকের জন্য। কারণটা পরে ব্যাখ্যা করলেন বড় মাসাকাদজা, ‘জালে বল ফেললে বল স্পিন করে, বাউন্স পায়, অপ্রত্যাশিত আরও অনেক কিছুই হয়। আমার মনে হয় স্পিন খেলা অনুশীলন করার জন্য খুব ভালো একটা উপায় এটি।’
লম্বা সময় ধরে ব্যাটিং করে একটা পর্যায়ে বেরিয়ে গেলেন সবাই। মাসাকাদজা তবু ব্যাটিং করেই যাচ্ছিলেন। বাংলাদেশের অনুশীলনের সময় তখন হয়ে গেছে, মুশফিকরা চলেও এসেছেন মাঠে। ইনডোরের ম্যানেজার বারবার তাগাদা দিয়েও নেট থেকে সরাতে পারছিলেন না মাসাকাদজাকে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হয়েও প্রথম টেস্টে দুই ইনিংসে যেভাবে আউট হয়েছেন, আত্মদহনে তাঁর পোড়ারই কথা। নেটে এক ঘণ্টারও বেশি ব্যাটিং, আরও কিছুক্ষণ নক করে এসে বললেন, ‘আমি খুব বেশি অবদান রাখতে পারিনি প্রথম টেস্টে, দলকে ভুগতে হয়েছে এ জন্য। এ জন্যই কঠোর পরিশ্রম করছি।’
এসবের ফল কতটা মিলবে, দেখা যাবে খুলনাতে।