জিয়ার ব্যাটে আবাহনীর প্রথম হার, গাজীর চতুর্থ জয়

খুব বেশি দিন হয়নি বাংলাদেশের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন জিয়াউর রহমান। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলে ছিলেন নিয়মিত মুখ। মারমুখী ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস বোলিং দিয়ে দলে থিতু হয়েছিলেন। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত ১৩টি ওয়ানডে আর ১৪ টি-টোয়েন্টির পাশাপাশি খেলেছেন একটি টেস্ট। পারফরম্যান্স ও চোট মিলিয়ে দৃশ্যপটের অনেকটাই বাইরে ছিলেন গত তিন বছর। আজ ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে আবারও নিজেকে সামনে নিয়ে এলেন জিয়া। তাঁর ৫৭ বলে ৭৩ রানের এক অনবদ্য ইনিংসেই আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চতুর্থ ম্যাচে এসে এটি আবাহনীর প্রথম হার।
আবাহনীর করা ২৬৯ রান শেখ জামাল টপকে যায় কেবল দুটি জুটির ওপর ভর করেই। দ্বিতীয় উইকেট জুটিতে ফজলে রাব্বী আর প্রশান্ত চোপরার ১০৪ এবং পঞ্চম উইকেট জুটিতে নুরুল হাসান জিয়াউর রহমানের ১০২ রানের জুটি দুটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ২ ওভার হাতে রেখেই আবাহনীর সংগ্রহ টপকে যায় শেখ জামাল।
জিয়ার ইনিংসে চারের চেয়ে ছয়ের সংখ্যাই বেশি-৬টি। চার মেরেছেন ৩টি। ৭১ মিনিটের এই ইনিংসে তিনি আবাহনীকে ছিটকে ফেলেন ম্যাচ থেকে। ৪৩ বলে ৪৬ রান করে জিয়াকে সঙ্গ দেন নুরুল। এর আগে ফজলে রাব্বী করেন ৬৩। প্রশান্ত চোপড়া ৫৭।
আবাহনীর পক্ষে সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন আর সাকলাইন সজীব-প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
আবাহনীর প্রথম হারের দিনে টানা চতুর্থ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরকে ৩৫ রানে জিতেছে নাসির-মুমিনুলের দল। মুমিনুল হকের ১৫২ রানে ৩০০ পেরোয় গাজী গ্রুপ (৩০৭)। জবাবে পুরো ৫০ ওভার খেলে দোলেশ্বর ৯ উইকেটে করে ২৭২ রান। ব্যাটিংয়ে ৬৪ রান করার পর বোলিংয়ে ৩ উইকেট নিয়ে গাজীর অধিনায়ক নাসির।
বিকেএসপির অন্য মাঠে ২৭ ওভারের ম্যাচে কলাবাগানকে ৩ উইকেটে হারিয়ে চার ম্যাচে তৃতীয় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৮ উইকেটে ১৭৭ রান করে কলাবাগান। সর্বোচ্চ অপরাজিত ৭৯ রান ওপেনার মেহরাব হোসেন জুনিয়রের। ৬ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট মাশরাফি বিন মুর্তজার। ১৭৮ রানের লক্ষ্যটা ২ বল হাতে রেখে পেরোয় রূপগঞ্জ। সর্বোচ্চ ৪৪ রান অধিনায়ক মুশফিকুর রহিমের।