জীবনজুড়ে ক্রিকেট আর সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিস্টার কুক
অ্যালিস্টার কুক

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি বিশেষ অনুরাগ অ্যালিস্টার কুকের। গানের প্রতি ঝোঁক দেখেই তাঁর অষ্টম জন্মদিনে বাবা-মা উপহার দিয়েছিলেন একটা ক্লারিনেট। কুক পরে আয়ত্ত করে ফেলেন স্যাক্সোফোন বাজানোও।
পরে অবশ্য ক্রিকেটকে প্রাধান্য দিলেও কুকের হৃদয়ের একটা জায়গাজুড়ে গানটা কিন্তু আছেই। স্যাক্সোফোনটাই তাঁর বেশি প্রিয়। তা সংগীতচর্চা কেমন চলছে ইংলিশ অধিনায়কের? সংবাদ সম্মেলন শেষে বিসিবি একাডেমি মাঠে যাওয়ার পথে শান্ত হাসিতে কুকের উত্তর, ‘ক্রিকেট নিয়ে ভীষণ ব্যস্ত। সর্বশেষ সাক্সোফোন বাজিয়েছি দুই মাস আগে।’
অবসরে কুক আরও একটি কাজ করেন। পুরোপুরিই ‘খামারি’ বনে যান তখন। জানালেন, ফার্ম বেশ চলছে। কদিন আগে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। কুক দিলেন সন্তানের সর্বশেষ তথ্য, ‘বাচ্চাটা ভালো আছে। ও তো খেতে শিখেছে।’

ব্যক্তিজীবনের গল্পের ফাঁকে চলে আসে ক্রিকেটও। টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। ২০১১ সালের আগস্টে ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৬ রানের জন্য হাতছাড়া হয়েছিল ট্রিপল সেঞ্চুরি। কেন ডাবল সেঞ্চুরিকে ট্রিপলে রূপ দিতে পারছেন না? ‘আসলে ট্রিপল সেঞ্চুরি নয়, আমি শুধু ভাবি সেঞ্চুরির কথা’—বলে দ্রুতই ঢুকে পড়েন বিসিবির একাডেমি মাঠে।

চট্টগ্রাম টেস্টে রান পাননি। ঢাকায় স্বরূপে ফিরতে চান ইংলিশ অধিনায়ক।