জীবনের ইনিংসে 'নার্ভাস' নব্বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদমাধ্যমের আড়ালে থাকতে পছন্দ করেন, লিন্ডসে টাকেটের এখনকার কোনো ছবি তাই খুঁজে পাওয়াই মুশকিল। এ ছবিটা তাঁর খেলোয়াড়ি জীবনের।
সংবাদমাধ্যমের আড়ালে থাকতে পছন্দ করেন, লিন্ডসে টাকেটের এখনকার কোনো ছবি তাই খুঁজে পাওয়াই মুশকিল। এ ছবিটা তাঁর খেলোয়াড়ি জীবনের।

খেলোয়াড়ি জীবনে তাঁর কোনো সেঞ্চুরি নেই। থাকার কথাও না। ডানহাতি পেসার ছিলেন, ব্যাট করতেন একেবারে নিচের দিকে। একবার ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিলেন ৪০ রানে, ৯ টেস্টের ক্যারিয়ারে ওটাই ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ ইনিংস হয়ে আছে। সেই লিন্ডসে টাকেটই এখন বিরল এক সেঞ্চুরির সামনে! না, ২২ গজে নয়। জীবনের ইনিংসে। এ গ্রহের জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটারের বয়স আজ ৯৬ বছর ২৪১ দিন। ১০০ হতে তো মাত্র আর কটা দিন! সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে কি মাঝে মাঝে একটু ‘নার্ভাস’ লাগে টাকেটের?
প্রশ্নটা সরাসরি তাঁকে করা গেলে হয়তো হেসেই উড়িয়ে দিতেন! কিন্তু ভদ্রলোকের বোধ হয় সংবাদমাধ্যম পছন্দ নয়, আড়ালে থাকতেই পছন্দ করেন। গত বছর সেপ্টেম্বরে ১০৩ বছর ২৭ দিন বয়সে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার নরম্যান গর্ডনের মৃত্যুর পর হঠাৎই আবিষ্কৃত হলো টাকেটই এখন এ গ্রহের সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার। কিন্তু সংবাদমাধ্যম অনেক চেষ্টা করেও তাঁর প্রতিক্রিয়া পেল না। তবে টাকেটের হয়ে তাঁর দীর্ঘদিনের বন্ধু এউই ক্রনিয়ে (প্রয়াত দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হানসি ক্রনিয়ের বাবা) বলেছিলেন, ‘শুধু সুস্থই নয়, টাকেট এখনো দিব্যি নিজেই গাড়ি চালায়, হাঁটা-চলা করে। আমার তো মনে হয় সে আরও পাঁচ বছর ব্যাট করার মতো ফিট থাকবে।’ এমন ফিটনেস যাঁর, তিনি তো সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে ‘নার্ভাস’ হওয়ার কথা শুনলে হেসে উড়িয়ে দিতেই পারেন।
জীবনের ইনিংসে তিন অঙ্ক ছোঁয়ার সৌভাগ্য অবশ্য এখন পর্যন্ত গর্ডন ছাড়া আর কোনো টেস্ট ক্রিকেটারের হয়নি। টাকেটের মতো এখন এই মাইলফলকের কাছাকাছি আছেন অ্যান্ডি গানটৌমিও। সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ৯৪ পেরিয়েছেন এ বছর জানুয়ারিতে। গানটৌমি কিন্তু খেলোয়াড়ি জীবনেও সেঞ্চুরি করেছেন। শুধু তা-ই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ক্যারিয়ার সম্ভবত সাবেক এই ওয়েস্ট ইন্ডিয়ানের। একটাই টেস্ট খেলেছেন, ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ওই টেস্টে একটা ইনিংসেই ব্যাট করার সুযোগ হয়েছিল তাঁর, সেখানেই সেঞ্চুরি। কিন্তু এর পর আর কোনো দিন গানটৌমি ওয়েস্ট ইন্ডিজ দলেই ডাক পাননি! কেন, রহস্য সেটাই। কেউ কেউ বলেন, গানটৌমি এত ধীরগতিতে ব্যাট করতেন যেটা তখনকার ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যায় না। গ্যারি সোবার্স, ফ্রাঙ্ক ওরেল, ক্লাইড ওয়ালকট, এভারটন উইকস আর জেফ স্টলমেয়ারদের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া ওই ওয়েস্ট ইন্ডিজ দলে গানটৌমি হয়তো বেমানানই ছিলেন! এমনকি সতীর্থ স্টলমেয়ার তো পোর্ট অব স্পেনে ওই ম্যাচের পর বলেও ছিলেন, গানটৌমির ধীর সেঞ্চুরির কারণেই নাকি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিততে পারেনি!
সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটারের মধ্যে নব্বইয়ের ঘরে আরও একজন আছেন, যাঁর সঙ্গে গানটৌমির দারুণ মিল। তিনিও ওয়েস্ট ইন্ডিয়ান এবং তাঁর ক্যারিয়ারও শেষ হয়ে গেছে এক টেস্টেই! সাবেক জ্যামাইকান অলরাউন্ডার রয় মিলার। ১৯৫৩ সালে জর্জটাউনে ভারতের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। ব্যাটিংয়ে একমাত্র ইনিংসে ২৩ রান, বোলিংয়ে উইকেট নেই—এই পারফরম্যান্সই হয়তো তাঁকে আর ওয়েস্ট ইন্ডিজ দলে ফেরায়নি।
নব্বই পেরিয়েও যাঁরা বেঁচে আছেন, সেই তালিকায় দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডেরই আধিক্য। প্রথম টেস্ট খেলা দুটি দেশের একটি অস্ট্রেলিয়া এ বছর রিচি বেনো, আর্থার মরিস ও লিন্ডসে ক্লাইনের মতো বেশ কয়েকজন বয়সী ক্রিকেটারকে হারিয়েছে। তবে এঁদের কেউই নব্বই পর্যন্ত যেতে পারেননি। বেঁচে আছেন, এমন অস্ট্রেলিয়ান টেস্ট ক্রিকেটারদের মধ্যে এখন সবচেয়ে বেশি বয়সী লেন ম্যাডকস। দেশের হয়ে মাত্র ৭টি টেস্ট খেলা এই ভিক্টোরিয়ান ছিলেন মূলত উইকেটকিপার। তবে টেস্ট ক্রিকেট তাঁকে মনে রাখবে অন্য একটা কারণে। ১৯৫৬ সালে ওল্ড ট্রাফোর্ডে জিম লেকারের ইনিংসের ১০টি উইকেটই নেওয়ার কীর্তিতে দশম উইকেটটি ছিলেন ম্যাডকস। তাঁকে এলবিডব্লু করেই ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন ইংলিশ অফ স্পিনার।
টেস্ট ক্রিকেটে নবীনতম দুই দেশ বলে জিম্বাবুয়ে ও বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটারদের বয়সের সঙ্গে তালিকায় বাকি দেশগুলোর ক্রিকেটারদের বয়সের অনেক ব্যবধান। বাংলাদেশের জীবিত টেস্ট ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী এনামুল হক মনির বয়স যেমন ৫০-ই ছোঁয়নি এখনো। জিম্বাবুয়ের রেকর্ডটা জন ট্রাইকসের, যাঁর এখনো ৭০-ই হয়নি। রেকর্ডটা এত বেশি হতো না, যদি ট্রাইকস ‘বুড়ো’ বয়সে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ না পেতেন। টেস্ট খেলেছেন মাত্র ৭টি, তবে এর ৩টি দক্ষিণ আফ্রিকার পক্ষে। মিসরীয় বংশোদ্ভূত ট্রাইকস ক্যারিয়ারের প্রথম তিনটি টেস্ট খেলার পর দক্ষিণ আফ্রিকাই নিষিদ্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ১৯৯২ সালে জিম্বাবুয়ে টেস্ট মর্যাদা পাওয়ার পর পুনর্জীবিত ক্যারিয়ারে খেলেছেন আরও ৪টি টেস্ট। ট্রাইকসের তৃতীয় ও চতুর্থ টেস্টের মাঝখানে ব্যবধান ছিল ২২ বছর ২২২ দিনের!

সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার
দেশ সময়কাল টেস্ট সংখ্যা বয়স
লিন্ডসে টাকেট দক্ষিণ আফ্রিকা ১৯৪৭-৪৯ ৯ ৯৬ বছর ২৪১ দিন
অ্যান্ডি গানটৌমি ওয়েস্ট ইন্ডিজ ১৯৪৮-৪৮ ১ ৯৪ বছর ২৫৬ দিন
জন ওয়াটকিন্স দক্ষিণ আফ্রিকা ১৯৪৯-৫৭ ১৫ ৯২ বছর ১৭৮ দিন
ডন স্মিথ ইংল্যান্ড ১৯৫৭-৫৭ ৩ ৯২ বছর ১১৩ দিন
রয় মিলার ওয়েস্ট ইন্ডিজ ১৯৫৩-৫৩ ১ ৯০ বছর ২৮৫ দিন
এভারটন উইকস ওয়েস্ট ইন্ডিজ ১৯৪৮-৫৮ ৪৮ ৯০ বছর ২২১ দিন
হাবার্ট ডগার্ট ইংল্যান্ড ১৯৫০-৫০ ২ ৯০ বছর ৭৯ দিন
* ৯০-এর বেশি বয়স
বিভিন্ন দেশের সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার
দক্ষিণ আফ্রিকা লিন্ডসে টাকেট ৯৬ বছর ২৪১ দিন
ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ডি গানটৌমি ৯৪ বছর ২৫৬ দিন
ইংল্যান্ড ডন স্মিথ ৯২ বছর ১১৩ দিন
অস্ট্রেলিয়া লেন ম্যাডকস ৮৯ বছর ১৩৪ দিন
পাকিস্তান ইসরার আলী ৮৮ বছর ১৫৭ দিন
নিউজিল্যান্ড জন রিড ৮৭ বছর ১২৪ দিন
ভারত দীপক শোধন ৮৬ বছর ৩৫০ দিন
শ্রীলঙ্কা সোমাচন্দ্র ডি সিলভা ৭৩ বছর ১১৬ দিন
জিম্বাবুয়ে জন ট্রাইকস ৬৮ বছর ১৪১ দিন
বাংলাদেশ এনামুল হক ৪৯ বছর ২২০ দিন
* খেলোয়াড়দের বয়সের ক্রমানুসারে