জীবিকার তাগিদে আমির এখন চলচ্চিত্র তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির হতে চলেছেন রুপালি পর্দার তারকা! ফাইল ছবি
আমির হতে চলেছেন রুপালি পর্দার তারকা! ফাইল ছবি

ক্রিকেট তাঁকে হাত ভরেই দিয়েছিল। কিন্তু দুহাত ভরে নিয়েও তৃপ্ত ছিলেন না মোহাম্মদ আমির। পা বাড়িয়েছিলেন অন্ধকার পথে। যে ক্রিকেট শুধু যশ-খ্যাতি নয়, তাঁর আর তাঁর পরিবারের স্বাচ্ছন্দ্যের উপলক্ষ হয়ে এসেছিল, সেই ক্রিকেটের সঙ্গে প্রতারণার ফলও ভোগ করেছেন। ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় জীবনধারণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর জীবিকার তাগিদে পাকিস্তানের প্রতিভাবান এই পেসার এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন।
যেনতেন কোনো অতিথি চরিত্র নয়। একেবারে পাক্কা হিরো! আমিরকে নায়ক হওয়ার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের এক পরিচালক। সেই প্রস্তাবে রাজি হয়ে রুপালি পর্দায় নাম লেখাচ্ছেন এই ২২ বছর বয়সী। ফয়সাল বুখারি পরিচালিত ছবির নাম অন্ধ ভালোবাসা (ব্লাইন্ড লাভ)।
বার্তা সংস্থা এএফপিকে আমির বলেছেন, ‘পাকিস্তানের একটি ছবিতে আমাকে হিরোর প্রস্তাব দেওয়া হয়েছে। আমি এই সুযোগটা নিতে চাই। অবশ্য নিষেধাজ্ঞা শেষ হলে আমি আবার ক্রিকেটেই ফিরব। ক্রিকেটই হবে আমার প্রথম পছন্দ।’
২০১৫ সালের সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা শেষ হবে আমিরের। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মাত্র ১৯ বছর বয়সেই নিজের প্রতিভা দিয়ে আলোচনায় আসা এই পেসার। নিষেধাজ্ঞার কারণে কোনো ধরনের ক্রিকেটে যুক্ত থাকতে পারছেন না আমির।
আর তাই জীবিকার প্রয়োজনেই বিকল্প সুযোগ সন্ধান করতে হয়েছে বলে জানালেন, ‘চার বছর ধরে আমি ক্রিকেট খেলছি না, যেটা আমার একমাত্র রুটি-রুজি ছিল। তাই আমাকে উপার্জনের কোনো না কোনো পথ বের করতেই হতো। এই প্রস্তাবটা আমার জন্য তাই আশীর্বাদ হয়ে এসেছে।’
বলিউড তারকা আমির খানের পথ তাই অনুসরণ করছেন পাকিস্তানের আমির। অবশ্য সেই কেলেঙ্কারিতে তাঁর সঙ্গেই শাস্তি ভোগ করা আরেক পেসার মোহাম্মদ আসিফও রুপালি জগতে নাম লিখিয়েছেন। ভারত-পাকিস্তানের যৌথ প্রযোজনার ছবি ইন্ডিয়া মে লাহোর-এ অভিনয় করার কথা তাঁর।