তাহলে অস্ট্রেলিয়ার মেলবোর্ন-জুজু কি কাটবেই না? ৯৮ রানে ম্যাক্সওয়েল যখন অস্ট্রেলিয়ার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেলেন, আরেকটি পরাজয়ই দেখছিল স্বাগতিকেরা। ২৬ ওভারে দরকার ছিল ১৭০ রান। তবে স্টিভেন স্মিথের মনে ছিল অন্য কিছু। ম্যাথু ওয়েডকে নিয়ে এরপর দলকে টেনে তুলেছেন বিপদ থেকে। শেষ পর্যন্ত যখন ১০৪ রানে আউট হলেন, অস্ট্রেলিয়ার ৭ বলে দরকার ২ রান। ৩ উইকেটে ম্যাচটা জিতে মেলবোর্নে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজজয়ী অস্ট্রেলিয়ার জন্য কাল সিডনির ম্যাচটা তাই শুধুই আনুষ্ঠানিকতা।
দুদিন আগেই স্মিথের ৫৫ বলে ৭৩ রানের ইনিংসের পর এবি ডি ভিলিয়ার্স বলেছিলেন, ‘স্মিথ প্রতিপক্ষ অধিনায়কের বিভীষিকা’। কালকের পর কথাটা বোধ হয় প্রতিষ্ঠিত হয়ে গেল। ওয়েডকে নিয়ে যখন জুটি বাঁধলেন, অস্ট্রেলিয়ার হাতে আসলে উইকেট ছিল ৪টি। চোট পাওয়ায় নাথান কোল্টার-নাইলের ব্যাট করা নিয়ে ছিল সংশয়। তবে ফর্মের সঙ্গে যুঝতে থাকা ওয়েড দুর্দান্ত সঙ্গ দিলেন এক পাশ থেকে। ৫২ রানে ওয়েড আউট হয়ে যাওয়ার পর সেই কাজটা করেছেন জেমস ফকনার, ১৯ বলে ৩৪ রানের ইনিংসে হারতে বসা ম্যাচ জিতিয়েছেন দলকে।
অথচ নায়ক হতে পারতেন ডি ভিলিয়ার্সও, দুর্দান্ত একটা সিরিজ কাটানো দক্ষিণ আফ্রিকান অধিনায়ক কাল খেলেছেন ৮৮ বলে ৯১ রানের স্ট্রোক-ঝলমল ইনিংস। স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৬৭/৮ (ডি ভিলিয়ার্স ৯১, মিলার ৪৫, ডু প্লেসি ২৮, বেহারডিয়েন ২২; ফকনার ২/৪৫, কামিন্স ২/৬১)।
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৬৮/৭ (স্মিথ ১০৪, ওয়েড ৫২, ফকনার ৩৪*, ফিঞ্চ ২২; স্টেইন ২/৪৭, পারনেল ২/৫২)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন স্মিথ।