জুটি বাঁধছেন টেন্ডুলকার-রোনালদো

কল্পনা করুন তো একবার, একই সঙ্গে মাঠে নেমেছেন রোনালদো, মেসি, টেন্ডুলকার, ওয়ার্ন। ক্রিকেট ও ফুটবলের মহা তারকারা সব দল বেধে এক সঙ্গে কোথাও দাঁড়ালেই সেটা নিশ্চয় দুর্দান্ত একটা কিছু হতো, তাঁরা এক সঙ্গে খেলুন বা না-ই খেলুন। এমন দৃশ্য আপাতত কল্পনাতেই থাকুক, বাস্তবে এ রকম কিছু ঘটছে না। তবে মাঠে না নামলেও মাঠের বাইরে ঠিকই জুটি বাঁধছেন টেন্ডুলকার-রোনালদো।
মধ্যপ্রাচ্যে একটি গেমিং জোন বানানোর পরিকল্পনা নিয়ে স্ম্যাশ এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। শচীন টেন্ডুলকার এই স্ম্যাশ এন্টারটেইনমেন্টের ১৮ শতাংশ শেয়ারের মালিক। শুধু শেয়ার নয় টেন্ডুলকার স্ম্যাশের পণ্যদূতও। প্রতিষ্ঠানটি সৌদি আরবের জেদ্দায় ৬৫ হাজার বর্গফুটের একটি গেমিং জোন বানানোর পর তাদের লক্ষ্য দুবাইয়ে একই ধরনের একটা কিছু করা। মধ্যপ্রাচ্যের বিশাল বাজার দখল করতে টেন্ডুলকারের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোকেও পণ্যদূত করেছে তারা। সিআর-সেভেনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি তাদের।
এ ব্যাপারে স্ম্যাশের প্রতিষ্ঠাতা শ্রীপাল মোরাখিয়া জানিয়েছেন রোনালদোর সঙ্গে পাঁচ বছরের চুক্তি হলেও আর্থিক লেনদেন হবে বছর ভিত্তিতে। আর রোনালদোর সঙ্গে প্রতিষ্ঠানটির এ চুক্তি কেবল ভারত এবং মধ্যপ্রাচ্যেই প্রযোজ্য হবে।
মাঠে এক সঙ্গে না নামতে পারলেও বাণিজ্যের খেলায় তো জুটি বাঁধতে পারছেন রোনালদো ও টেন্ডুলকার। এ জুটি ব্যবসার খেলায় কেমন করে সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। সূত্র: জি নিউজ