প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭১ বলে অপরাজিত ১৭৫ রান করেছেন মরনে ফন উইক। ক্যামেরন ডেলপোর্ট ১৩০ বলে অপরাজিত ১৬৯। পরশু দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট মোমেন্টাম ওয়ানডে কাপে নাইটসের বিপক্ষে এই দুই ওপেনারের দল ডলফিনস কোনো উইকেট না হারিয়েই ৫০ ওভারে তুলেছে ৩৬৭ রান। জুটিতে ৩৬৭ রান, উদ্বোধনী জুটিতে তো বটেই, লিস্ট ‘এ’ ক্রিকেটের ৫১ বছরের ইতিহাসে যেকোনো উইকেটেই সর্বোচ্চ রান। ব্লুমফন্টেইনে ফন উইক-ডেলপোর্টরা পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়কে। ১৯৯৯ সালে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে ৩৩১ রান করেছিলেন টেন্ডুলকার-দ্রাবিড়। উদ্বোধনী জুটির আগের রেকর্ড ছিল গুলাম আলী ও সোহেল জাফরের। ২০০১ সালে শিয়ালকোটে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পিআইএর হয়ে অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংকের বিপক্ষে ৩২৬ রান করে অবিচ্ছিন্ন ছিল এই জুটি।