জুটি ভাঙলেন মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহজ রান আউটের সুযোগ হারালেন মিরাজ। ছবি: এএফপি
সহজ রান আউটের সুযোগ হারালেন মিরাজ। ছবি: এএফপি

মধ্যাহ্ন বিরতির পর রানের চাকা বেশ দ্রুতই ঘোরাচ্ছিলেন মুরালি বিজয় আর চেতেশ্বর পূজারা। ১৭৮ রানের জুটি গড়েছিলেন তাঁরা। অবশেষে মেহেদী হাসান মিরাজের বলে স্বস্তি ফিরেছে বাংলাদেশ-শিবিরে। তাঁর বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়েছেন চেতেশ্বর পূজারা। আউট হওয়ার আগে করেছেন ৮৩ রান। অপর প্রান্তে মুরালি বিজয় অপরাজিত ৯৩ রানে। এ প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ২ উইকেটে ২০১। উইকেটে এসেছেন বিরাট কোহলি।

বিজয়-পূজারা জুটি বেশ আগেই শেষ করে দেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। বিজয়কে রান আউট করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মিরাজ।
তাঁর করা ১৯তম ওভারের তৃতীয় বলটি স্কয়ার লেগের দিকে ঘুরিয়েছিলেন মুরালি বিজয়। স্কয়ার লেগে ডাইভ দিয়ে রান বাঁচান কামরুল ইসলাম। কিন্তু নন স্ট্রাইকিং প্রান্তের চেতেশ্বর পূজারা রানটি পুরো করার জন্য দৌড়ালে প্রথমে বিজয় সাড়া দিতে চাননি। দুই ব্যাটসম্যানই ছিলেন একই প্রান্তে। পরে বিজয় নন স্ট্রাইকিং প্রান্তের দিকে দৌড় শুরু করেন। কামরুলের থ্রো বোলার মিরাজ ঠিকমতো ধরতে না পারায় নিশ্চিত রান আউটের হাত থেকে বেঁচে যান বিজয়।
বিজয়-পূজারা জুটি ক্রমশ দুশ্চিন্তার কারণ হয়ে উঠছেন অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম এমনিতেই ‘পয়া’ বিজয় আর পূজারার জন্য। এই মাঠের রেকর্ড জুটি তাঁদেরই। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুজন মিলে তুলেছিলেন ৩৭০ রান।
বাংলাদেশ আজ হাফ চান্সগুলো কাজে লাগাতে পারেনি বা বাংলাদেশের পক্ষে যায়নি। পূজারা স্লিপেও একটি ক্যাচ দিয়েছিলেন। তবে সাকিবের জন্য সেই ক্যাচটা একটু কঠিনই ছিল। এর আগে মুশফিকও ডাইভ না দিয়ে তাকিয়ে চেয়ে থাকায় বেঁচে গিয়েছিলেন পূজারা। ম্যাচের প্রথম ঘণ্টায় বাংলাদেশের পেসাররা দুর্দান্ত বোলিংই করেছিলেন। নিষ্প্রাণ উইকেটে সেটাই ছিল বোলারদের জন্য সেরা সুযোগ।
দিনের শুরুটাও হয়েছিল দুর্দান্ত। তাসকিন আহমেদ ইনিংসের চতুর্থ বলে বোল্ড করেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুলকে। রাহুল প্লেড অন হয়ে ফিরেছেন।