জুটির রেকর্ডে সাকিব-ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালকের জুটি গড়ার পথে সাকিব ও ইউসুফ পাঠান। ছবি: এএফপি
কালকের জুটি গড়ার পথে সাকিব ও ইউসুফ পাঠান। ছবি: এএফপি

মাত্র ২৪ রানে ৪ উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্স রীতিমতো কম্পমান। গুজরাট লায়ন্সের দারুণ বোলিং তো আছেই, কন্ডিশনও প্রতিকূল। এর সঙ্গে এমন বাজে শুরু। সেখান থেকেই দুর্দান্ত একটা জুটি গড়লেন সাকিব আল হাসান ও ইউসুফ পাঠান। টি-টোয়েন্টি এমন এক খেলা, এখানে ধাক্কা সামলে নেওয়ার সুযোগ সামান্যই। তবু বেশ ভালোভাবেই সামলে এই দুজনই ১৫৮ রানের পুঁজি এনে দিয়েছিলেন দলকে। কলকাতা শেষ পর্যন্ত জিততে পারেননি। বৃথা গেছে সাকিব-ইউসুফের লড়াই।


তবে ১৩৪ রানের জুটি দিয়ে আইপিএলে রেকর্ডে উঠে গেছেন দুজন। পঞ্চম উইকেটে এটি এখন আইপিএলের সর্বোচ্চ। এই মৌসুমে অবশ্য আইপিএলে বেশ কয়েকটি শতরানের জুটি হয়েছে। কালকের আগেই হয়েছে চারটি, যার দুটিই গড়েছে কোহলি-ডি ভিলিয়ার্স জুটি। গত বছর কোহলি-ডি ভিলিয়ার্স জুটি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২১৫ রানের অবিচ্ছিন্ন এক জুটিও গড়েছিল। সব ধরনের টি-টোয়েন্টিতেই যেটি সর্বোচ্চ জুটির রেকর্ড।

টি-টোয়েন্টির জুটির রেকর্ডে অবশ্য আরও কজন বাংলাদেশি আছেন। ২০১৩ বিপিএলে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৯৭ রানের জুটি গড়েছিলেন শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্ট। আর তিনটা রান হলে টি-টোয়েন্টির ২০০ রানের মাত্র পাঁচটি জুটির তালিকায় থাকতে পারতেন এঁরাও। ২০১২ সালের শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে কামরান আকমলকে সঙ্গে নিয়ে ১৭৬ রানের জুটি গড়ে​ছিলেন ওয়াওয়াম্বা ইউনাইটেডের হয়ে খেলা তামিম ইকবাল।