জুনায়েদ-বোপারা, শেষে আফ্রিদি
কুমার সাঙ্গাকারার কি একটু আফসোস হলো ম্যাচ শেষে? নাসিরের কথা না শুনে যদি ২০তম ওভারটা ইয়াসির শাহকে দিতেন, শেষ হাসিটা তো থাকতে পারত তাঁর মুখেও!
জেতার জন্য শেষ ওভারে সিলেট সুপারস্টারসের লাগে ১০ রান। নাসির হোসেনের কাছে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক জানতে চাইলেন, ইয়াসির নাকি ফরহাদকে দিয়ে করাবেন ওভারটা? নাসির বললেন ফরহাদের কথা। তা ফরহাদ প্রথম তিনটি বল ভালোই করলেন। ইয়র্কার লেংথে ফেলে দ্বিতীয় বলে তো বোল্ডই করে দিলেন সোহেল তানভীরকে। শেষ তিন বলে সিলেটের দরকার ৮ রান। কিন্তু অন্য প্রান্তে যে তখন শহীদ আফ্রিদি! শেষ বল, শেষ ওভার—এসব লড়াইয়ে যিনি বহুবার জয়ী। জিতলেন কালও। চতুর্থ আর পঞ্চম বলে দুই ছক্কা। প্রথমটা সুইপে ফাইন লেগের ওপর দিয়ে। ফরহাদকে কাঁপিয়ে দিল ওই ছক্কাই। পরের বলটা ফুল টস। অমন ‘রসগোল্লা’ ছাড়বেন কেন আফ্রিদি!
শুরুর কয়েকটা ম্যাচের পর থেকেই বিপিএলের উইকেট প্রাণহীন। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল প্রথম ম্যাচের উইকেট ব্যাটসম্যানদের মনে ফিরিয়ে আনল হারানো আনন্দ। ৫ উইকেটেই ঢাকা করে ফেলল ১৫৭। ৫৫ রানে ৩ উইকেট পড়ে গেলেও সাঙ্গাকারা-নাসিরের ব্যাটিং উচ্ছ্বাস ছড়াল ঢাকার দর্শকদের মধ্যে। চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটিতে নাসিরের অবদান ২৩ বলে ৩১। আর ৩৫ বলে ৪৮ রানের ইনিংসে তামিমকে পেছনে ফেলে সাঙ্গাকারা হয়ে গেলেন বিপিএলের সর্বোচ্চ রানের (৩৩৯) মালিক।
সাঙ্গাকারার পরামর্শ শুনলে হয়তো আরও কিছু রান যোগ হতো নাসিরের নামের পাশেও। ব্যাটিংয়ের সময় অধিনায়ক কয়েকবারই বলেছেন, অযথা স্কুপ খেলার চেষ্টা না করে যে শট ভালো খেলেন তা খেলার চেষ্টা করতে। কিন্তু নাসির সাঙ্গাকারার পরামর্শ কানে নেননি। ম্যাচ শেষে নিজেও বললেন, ‘দুই-তিন বল রান না করলে আমি অনেক সময় চাপে পড়ে যাই। সে জন্যই চেষ্টা করছিলাম স্কুপ মারার।’
টুর্নামেন্টে যে রকম রানখরা যাচ্ছিল, তাতে ১৫৮ রানের লক্ষ্যকে দূর থেকে নিরাপদই মনে হচ্ছিল। যদিও নাসির জানালেন ওই সময়ে ড্রেসিংরুমের চিন্তাটা ছিল ভিন্ন, ‘উইকেট আজ (গতকাল) ভালো ছিল। বুঝতে পারছিলাম, কাজটা অত সহজ হবে না।’ জুনায়েদ সিদ্দিক ও রবি বোপারার ৮৬ রানের দ্বিতীয় উইকেট জুটির পর আফ্রিদির দুই বলের ‘ঝড়’ সেটাই প্রমাণ করে দিল। ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অঙ্কের হিসাবে সিলেটও বাঁচিয়ে রাখল শেষ চারের আশা।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৫৭/৫ (সাঙ্গাকারা ৪৮, রেজা ৩১, নাসির ৩১; রাজ্জাক ২/৯, বোপারা ১/১৩, রুবেল ১/২৮)। সিলেট সুপারস্টারস: ১৯.৫ ওভারে ১৬২/৪ (বোপারা ৫৫, জুনায়েদ ৫১, তানভীর ১৯, আফ্রিদি ১৫*, কব ১৫; রেজা ২/৪২, ইয়াসির ১/২০)।
ফল: সিলেট ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রবি বোপারা