জুনের সেরা বেয়ারস্টো

হেডিংলি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর জনি বেয়ারস্টোছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনি বেয়ারস্টো—বদলে যাওয়া ইংল্যান্ড টেস্ট দলের মুখ। ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে থাকা সেই বেয়ারস্টোই আইসিসির জুন মাসের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সতীর্থ জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পেছনে ফেলে মাস–সেরা হলেন জুন মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি টেস্ট সেঞ্চুরি পাওয়া বেয়ারস্টো।

ইংলিশ ক্রিকেটে স্টোকস–ম্যাককালাম যুগের একদম শুরুতে অবশ্য ভালো করতে পারেননি ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে প্রথম টেস্টে ১ ও ১৬ রান করা বেয়ারস্টো ট্রেন্ট ব্রিজে পরের টেস্টের প্রথম ইনিংসে করেন ৮ রান। তবে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য রানতাড়ায় ৯২ বলে ১৩৬ রান করেন তিনি। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়েই ২৯৯ রানের লক্ষ্য মাত্র ৫০ ওভারে ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ৭৭ বলে তিন অঙ্ক ছুঁয়ে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম টেস্ট সেঞ্চুরির মালিক হয়ে যান ২০২২ সালে ছয়টি টেস্ট সেঞ্চুরি পাওয়া বেয়ারস্টো।

নিউজিল্যান্ড ও ভারতের মতো উঁচুমানের প্রতিপক্ষের বিপক্ষে চারটি জয় পেয়ে ইতিবাচকভাবে গ্রীষ্মটা শুরু করেছি আমরা। আমরা দল হিসেবে আমাদের ক্রিকেটটাকে উপভোগ করছি।
জনি বেয়ারস্টো

হেডিংলিতে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৫৭ বলে ১৬২ রান করেন বেয়ারস্টো। ইংল্যান্ড ৫৫ রানে প্রথম ৬ উইকেট হারিয়ে ফেলার পর টেস্ট অভিষিক্ত জেমি ওভারটনকে নিয়ে ২৪১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে বিপর্যয় সামলে দলকে লিডও এনে দেন বেয়ারস্টো। ২৯৬ রানের লক্ষ্য ছুঁতে নেমে আরেকটি বিস্ফোরক ইনিংস খেলে দলকে জেতানো বেয়ারস্টো এবার করে ৪৪ বলে অপরাজিত ৭১।

মাস–সেরা নির্বাচিত হওয়ার পর বেয়ারস্টো আইসিসির ওয়েবসাইটকে বলেছেন সময়টা উপভোগ করছেন তিনি, ‘আমাকে আইসিসির মাস–সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত করায় ভক্তদের ধন্যবাদ জানাই। ইংল্যান্ডের জন্য এই পাঁচ সপ্তাহ অসাধারণ ছিল। নিউজিল্যান্ড ও ভারতের মতো উঁচুমানের প্রতিপক্ষের বিপক্ষে চারটি জয় পেয়ে ইতিবাচকভাবে গ্রীষ্মটা শুরু করেছি আমরা। আমরা দল হিসেবে আমাদের ক্রিকেটটাকে উপভোগ করছি। আমরা স্বচ্ছতা ও ইতিবাচকভাবেই খেলছি।’

জুন মাসে মেয়েদের সেরা মারিজান কাপ
ছবি: রয়টার্স

অবশ্য শুধুই ভক্তরা নন, আইসিসির বিশেষজ্ঞ প্যানেলও ভোট দিয়ে নির্বাচন করেন মাস–সেরা ক্রিকেটার।

ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাস–সেরা নির্বাচিত হলেন বেয়ারস্টো। গত বছরের আগস্টের সেরা খেলোয়াড় ছিলেন ইংল্যান্ডের সেই সময়ের অধিনায়ক জো রুট।

জুন মাসের মেয়েদের বিভাগের মাস–সেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ। ইংল্যান্ডের বিপক্ষে ড্র টেস্টের পারফরম্যান্সই সেরা করেছে প্রোটিয়া অলরাউন্ডার। আট বছর পর টেস্ট খেলতে নেমে ১৫০ ও অপরাজিত ৪৩ রান করেন কাপ।

আরও পড়ুন