জুবায়েরের 'যাত্রা শুরু'

গত টেস্টে জুবায়ের হোসেন কী করেছিলেন, ভুলে যাওয়া খুব সহজ। সাকিব আল হাসানের সেঞ্চুরি ও ১০ উইকেটের ইতিহাস গড়ার টেস্ট সেটি। তাইজুল ইসলামও নিয়েছিলেন দুই ইনিংসে ৬ উইকেট, সিরিজ জিতে দল নিশ্চিত করেছিল র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে ওঠা। এই ম্যাচে আনকোরা এক লেগ স্পিনারের ২ উইকেট পাওয়া কে মনে রাখবে! জুবায়েরের অবদানও তাই ভুলে যাওয়া স্বাভাবিক।
অথচ একটু গভীরভাবে ভাবলেই ওই ‘দুটি’ উইকেটকে আর ‘মাত্র’ মনে হবে না। ম্যাচের প্রেক্ষাপটে উইকেট দুটি ছিল দারুণ গুরুত্বপূর্ণ। ১৫ রানে ৩ উইকেট হারানো জিম্বাবুয়েকে টেনে নিয়ে যাচ্ছিলেন মাসাকাদজা ও চাকাভা। বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটিটি ৬০ রানে থামিয়েছিলেন জুবায়ের, দারুণ এক গুগলিতে চাকাভাকে আউট করে। নতুন ব্যাটসম্যান ক্রেইগ আরভিন এসে শুরু করেছিলেন পাল্টা-আক্রমণ। দুই ছক্কা, এক চারে ২১ করা সেই আরভিনকেও ফেরালেন জুবায়ের। উইকেট দুটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল যেভাবে পেয়েছিলেন। বিশেষ করে দারুণ খেলতে থাকা চাকাভার উইকেটটি। ওভার দ্য উইকেট থেকে রাউন্ড দ্য উইকেট এসে প্রায় নিখুঁত এক গুগলিতে যেভাবে বোকা বানালেন থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যানকে, সেটিই বুঝিয়ে দিল জুবায়েরের মস্তিষ্ক কতটা পরিণত।
সেটি একটি প্রমাণমাত্র। নইলে প্রতিভা, সামর্থ্য, পরিণতিবোধের প্রমাণ অভিষেক সিরিজে রেখেছেন যথেষ্টই। তবে টুকরো টুকরো, বিচ্ছিন্নভাবে। উইকেটসংখ্যাতেও তাই সেটি ফুটে ওঠেনি সেভাবে। প্রথম দুই টেস্টে তাই যেখানে দারুণ উজ্জ্বল সাকিব-তাইজুল, নিজেকে আলাদা করে চিনিয়েও জুবায়ের ছিলেন মিটিমিটি তারা। অবশেষে কাল টুকরো টুকরো ছবিগুলোকে পারলেন এক ফ্রেমে বাঁধতে। প্রতিভা-সামর্থ্য আর পারফরম্যান্সকে একসঙ্গে গেঁথে গলায় পরলেন সাফল্যের বিনি সুতোর মালা।
ঘরোয়া ক্রিকেটে একটিও ম্যাচ না খেলা জুবায়েরের টেস্ট অভিষেকের গল্পটাই চমকপ্রদ। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ৫ উইকেট পাওয়াও দারুণ কিছু। সাকিব-তাইজুলরা নামতা গুনে উইকেট নিচ্ছিলেন বলেই হয়তো অনেকের কাছে জুবায়েরকে মনে হচ্ছিল তুলনামূলক ম্লান। একজন তরুণ বোলারের তাতে ভড়কে যাওয়া স্বাভাবিক। কিন্তু ১৯ বছর বয়সী জুবায়েরের ভাবনা জানান দিল পরিণত মস্তিষ্কের, ‘আমার বিশ্বাস ছিল যে দ্রুতই ভালো কিছু করব। ক্রিকেটে সবারই দিন আসে, সব দিন সবার একরকম যায় না। সাকিব ভাই, তাইজুল ভাই ভালো বোলিং করেছে আগের দুই ম্যাচে। উইকেট পেয়েছেন অনেক। আমি অপেক্ষায় ছিলাম আজকের দিনটির। খুব ভালো লাগছে ৫ উইকেট পেয়ে।’
সাদা পোশাকে সাফল্যের ঝলমলে দিনটি আরও রঙিন করে তুলেছিল তাঁর কাছের কিছু মানুষ। ছেলের প্রথম দুই টেস্ট দেখা হয়নি। সেই জামালপুর থেকে তাই ছেলের খেলা দেখতে চট্টগ্রাম এসেছেন আবদুল জব্বার ও সাবিনা ইয়াসমিন। এর আগেও একবার অনূর্ধ্ব-১৯ দলে ছেলের একটি ম্যাচ দেখেছিলেন, ছেলে সেবার ভালো করতে পারেনি। এবার বাবা-মার সামনে নিজেকে মেলে ধরতে পেরে উপচে পড়ছিল জুবায়েরের খুশি, ‘আমার বাবা-মা, ভাই এসেছেন খেলা দেখতে। ওনাদের সামনে ৫ উইকেট পেয়েছি বলেই বেশি ভালো লাগছে। এর আগে একবার এসেছিলেন তাঁরা আমার খেলা দেখতে, তখন ভালো করতে পারিনি। ভয় হচ্ছিল, এবারও যদি না পারি! আল্লাহর রহমতে এবার ভালো খেলে ওনাদের খুশি করতে পেরেছি।’
ছোট্ট ক্যারিয়ারেই নিজের সমৃদ্ধ অস্ত্রভান্ডারের সব ছবি দেখিয়েছেন জুবায়ের। দারুণ সব গুগলিতে চমকে দিয়েছেন, টার্ন বেশ, দুর্দান্ত নিয়ন্ত্রণ। সামর্থ্যের একটি প্রামাণ্যচিত্র দেখালেন কালও। টেলরকে আউট করেছেন ফ্লাইট ও লুপে বিভ্রান্ত করে, টার্ন-বাউন্সে চমকে দিয়েছেন সিকান্দার রাজাকে, ধ্রুপদি লেগ স্পিনারদের মতোই ড্রাইভে টেনে এনেছেন চিগুম্বুরাকে। লেগ স্পিনাররা অনেক সময়ই ভালো বলের চেয়ে খারাপ বলে উপহার পান উইকেট, তেমনি পেলেন ফুলটসে আরভিনের উইকেট। মুশাঙ্গুয়েকে ফিরিয়ে পেলেন ৫ উইকেট।
পেলেন এবং গর্বিত ভঙ্গিতে উঁচিয়ে ধরলেন বল। ড্রেসিংরুমের পথে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে, প্রথমবার। প্রতিভা-সামর্থ্য-পরিশ্রম যদি এভাবেই মিলতে থাকে একবিন্দুতে, এই প্রথম নিশ্চিতভাবেই হবে অনেকবারের প্রথম!