জুবায়ের এবং লেগ স্পিনের রোমাঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেটে নবম বলেই উইকেট। সেটাও প্রতিপক্ষের অন্যতম সেরা ব্যাটসম্যানের। উল্লসিত জুবায়ের, উচ্ছ্বসিত তাঁর সতীর্থরাও l প্রথম আলো
টেস্ট ক্রিকেটে নবম বলেই উইকেট। সেটাও প্রতিপক্ষের অন্যতম সেরা ব্যাটসম্যানের। উল্লসিত জুবায়ের, উচ্ছ্বসিত তাঁর সতীর্থরাও l প্রথম আলো

স্টেডিয়ামের বড় ঘড়িতে তখন ১১টা ২৬। লাঞ্চের আগে শেষ ওভার। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বল তুলে দিলেন জুবায়ের হোসেনের হাতে। খানিকটা সময় নিয়ে প্রথম বলটি করলেন জুবায়ের। হয়ে গেল ইতিহাস!
না, আলাদা করে ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে না মুহূর্তটি। লেগ স্পিনার ক্রিকেটে যতই বিরল হোক, তার পরও সংখ্যাটা একেবারে কম নয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্রিকেটারের কবজির মোচড় থেকে বল এই প্রথম বেরোল, তা-ও নয়। তবে এর আগে যাঁরা তা করেছেন, কারোরই প্রথম পরিচয় লেগ স্পিনার ছিল না। লেগ স্পিনের সত্যিকার রোমাঞ্চ তাই বাংলাদেশ কালই প্রথম পেল। মুহূর্তটায় কি থমকে দাঁড়াল সময়ও!
ম্যাচে নিজের ছাপ এর আগেই খানিকটা রেখেছেন। সাকিবের বলে নিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজার ক্যাচ। অনেকক্ষণ হাওয়ায় ভেসে থাকা ক্যাচটি যত সহজ মনে করিয়েছেন জুবায়ের, ঠিক ততটা সহজ কিন্তু ছিল না। বলের ওপর থেকে একবারও চোখ না সরিয়ে সেটিকে হাতে জমিয়েছেন। স্বপ্নপূরণের উত্তেজনায় থরথর স্নায়ুর কম্পনও হয়তো একটু কমেছে তাতে।
লাঞ্চের ঠিক আগে এল প্রতীক্ষিত সেই মুহূর্ত। তুমুল করতালিতে জুবায়েরকে বোলিংয়ে স্বাগত জানানো গ্যালারিও খানিকটা থমকে গেল প্রথম বলটির সময়। একটু ফ্লাইট, লুপ। মিডল স্টাম্প থেকে টার্ন করে বেরিয়ে যাওয়া বল। স্নায়ুর চাপে কাবু হয়ে অনেক লেগ স্পিনারই এসব মুহূর্তে ফুলটস বা শর্ট বল করে ফেলেন। জুবায়ের জানিয়ে দিলেন, স্নায়ুর ওপর তাঁর নিয়ন্ত্রণ আছে। বলও তাই কথা শোনে!
তার পরও পেটে প্রজাপতির নাচন খানিকটা থেকে থাকলে দূর করে দিল শুরুর সাফল্য। টেস্ট ক্রিকেটে নবম বলেই উইকেট! সেটাও স্পিনে প্রতিপক্ষ অধিনায়কের, যাঁকে মনে করা হয় স্পিনে জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যান। আপাতদৃষ্টিতে মনে হতে পারে নিরীহ এক বলকে মিড অফের হাতে তুলে দিয়েছেন টেলর। আদতে বলটি হাফভলি হতে হতে হয়নি। ফ্লাইটে টেলরকে ধোঁকা দিয়ে শট খেলতে প্রলুব্ধ করেছিলেন জুবায়ের। জুবায়েরের তৃপ্তিটা শুধু প্রথম টেস্ট উইকেট বলেই নয়, ‘ভালো লেগেছে। শুরুতেই উইকেট পাওয়ার জন্য যতটা, তার চেয়ে বেশি ওদের সেরা ব্যাটসম্যানের উইকেট পেয়ে। ওকে দ্রুত ফেরানো দরকার ছিল দলের জন্য।’
লাঞ্চের পর পর, নিজের পঞ্চম ওভারেই নিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট। ফিরিয়েছেন প্রতিপক্ষের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান সিকান্দার রাজাকে। এর আগে তৃতীয় ওভারেই প্রায় এক হাত ভেতরে ঢোকা এক গুগলিতে বোকা বানিয়েছেন অভিজ্ঞ এলটন চিগুম্বুরাকে। অত বেশি টার্ন না করলে হয়তো এলবিডব্লু পেয়েই যেতেন। ফ্লাইট, লুপ, গুগলি, ড্রিফট—বল হাতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজের বোলিংয়ের সব বৈচিত্র্য দেখিয়ে ফেললেন জুবায়ের। কোথায় স্নায়ুর চাপ! লেগ স্পিনার হিসেবে নিয়ন্ত্রণও দুর্দান্ত। সারা দিনে ফুলটস ছিল দুটি কি তিনটি, শর্ট বলও অনেক কম।
শিকার সিকান্দারও মুগ্ধ শিকারি জুবায়েরের বোলিংয়ে, ‘ও দারুণ প্রতিভাবান। আমি ওর লম্বা ও সফল ক্যারিয়ার কামনা করি।’ প্রশংসা পেলেন সাকিবের কাছ থেকেও, ‘অভিষেক হিসেবে দারুণ বোলিং করেছে, দৃষ্টি কেড়েছে সবার।’ আর জুবায়ের নিজে? ‘প্রথম দিনটিকে খারাপ বলব না। আমি মোটামুটি সন্তুষ্ট। তবে জানি, আরও অনেক অনেক ভালো করতে হবে।’
লেগ স্পিনারের বন্ধুর পথ পাড়ি দেওয়ার আসল মন্ত্রটা লুকিয়ে জুবায়েরের কথার ওই শেষ লাইনটাতে।