জুবায়েরের চেয়ে ভালো বোলার দেখেন না সাকিব

বিরাট কোহলিকে যে বলে আউট করলেন জুবায়ের হোসেন, বহুদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের। কোহলি আউট হওয়ার ২৫ ওভার পর ১০১তম ওভারে ঋদ্ধিমান সাহাকে যেভাবে ফেরালেন, সেটাও ছিল মুগ্ধতা জাগানিয়া। তবে আউট হওয়ার চেয়েও বেশি মুগ্ধতা ছড়ালেন কোহলিকে করা এক ওভারে ছয় বলেই কোহলিকে বিভ্রান্ত করে। প্রতিটা বলেই অস্বস্তিতে ছিলেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কোহলির টলে যাওয়া আত্মবিশ্বাসের সুফলই পেলেন তাঁকে পুরো বোকা বানিয়ে বোল্ড করে।
জুবায়েরের বোলিংয়ে মুগ্ধ সাকিব আল হাসানও। ছয় উইকেটের চারটিই নিয়েছেন। তবুও দিন শেষে জুবায়েরকে প্রশংসায় ভাসালেন সাকিব। ২০ বছর বয়সী এই অনুজ সতীর্থের উজ্জ্বল ভবিষ্যৎ ঘোষণা করে সাকিব বলেছেন, ‘আমার মনে হয়, ও এমন এক স্পিনার, যার দেশের হয়ে টেস্টে ৩০০-৪০০ উইকেট নেয়ার ক্ষমতা আছে।যেভাবে বোলিং করছিল, ভেবেছিলাম আজ আরও বেশি উইকেট পাবে। আরেকটু ভালো জায়গায় বোলিং করলে আরও উইকেট পাওয়ার সম্ভাবনা জাগত। সে যেহেতু পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পায়নি, তাই ওর জন্য খেলাটা কঠিনই। বিশেষ করে লেগ স্পিনারের জন্য ভালো জায়গায় বল করাটা কঠিনই। যে কটা বল সে জায়গায় করেছে তাতেই ব্যাটসম্যানদের হুমকিতে ফেলে দিয়েছে। তার লেগ স্পিন ভালো হচ্ছে, যথেষ্ট ঘুরছে। আমাদের জন্য সে অনেক বড় সম্পদ হবে, বিশেষ করে টেস্টে।’
গত জিম্বাবুয়ে সিরিজের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেন জুবায়ের। এর মাঝে খুব বেশি ঘরোয়া ক্রিকেট খেলারও সুযোগ মেলেনি। এক লেগ স্পিনারের জন্য ম্যাচ প্র্যাকটিসের ঘাটতির মাশুলের কথা সাকিবই বলেছেন। জুবায়ের আলগা বলের শাস্তিও পেয়েছেন। ওভারপ্রতি ৫.৯৪ রান গড়ে জুবায়েরই বাংলাদেশ দলে সবচেয়ে খরুচে বোলার। কিন্তু সাকিব পরিসংখ্যান দিয়ে তাঁর বোলিং মাপার পক্ষে নন। বরং জুবায়েরের দুর্দান্ত কয়েকটি ডেলিভারি, লেগে পড়ে চকিতে টার্ন নিয়ে বেরিয়ে যাওয়া, ব্যাটসম্যানদের ধন্দে ফেলে দেওয়া, কিংবা গুগলির ধাঁধা—এসবই যেন মুগ্ধতার পরশ বুলিয়ে গেছে সাকিবের চোখে।
হঠাৎ করেই ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামাটা কঠিনই। সাকিব তাই সংশ্লিষ্টদের অনুরোধ জানালেন জুবায়েরকে আরও খেলার সুযোগ করে দিতে, ‘ও যদি প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার সুযোগ না পায়, তবে সেটা ওর জন্য তো বটেই জাতীয় দলের জন্যও খারাপ। আমার মনে হয়, সংশ্লিষ্টদের এটা সিরিয়াসলি দেখতে হবে, যাতে সে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পায়।’
অনেকের অভিযোগ, নেটেই নাকি জুবায়ের খুব একটা ভালো বোলিং করেন না। নেটের পারফরম্যান্স তত্ত্বেও যে বিশ্বাস নেই, স্পষ্ট বুঝিয়ে দিলেন সাকিব, ‘দেখেন, নেটের ব্যাটিং দেখে অনেককে শচীন টেন্ডুলকার মনে হতে পারে আবার কাউকে রুবেল হোসেনও মনে হতে পারে। এখানে একটা পার্থক্য আছে। ম্যাচে পারফরম্যান্স করতে পারাই আসল ব্যাপার। কাউকে সুযোগ না দিয়ে তার সম্পর্কে কোনো রায় দেওয়াটা ঠিক নয়। যথেষ্ট সুযোগ দেওয়া উচিত। এ ধরনের পিচে উইকেট নিতে হলে আমি তো লিখনের (জুবায়ের) চেয়ে ভালো বোলার আর দেখি না!’
সাকিব নিজেও দলে আছেন। তার চেয়েও ভালো জুবায়ের—এই প্রশংসাপত্র উঠতি এই ক্রিকেটারের জন্য নিশ্চয়ই অনেক বড় পাওয়া। অনেক বড় প্রেরণা।