জুবায়ের পারেন

বড়দের যুদ্ধে মাঝে মাঝে নিরীহ জনতার প্রাণ যায়। জুবায়ের হোসেনের হয়ে পড়ছিল সেই দশা। মাথার ওপর কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছাতা পেয়েও যেন মাটি হারিয়ে ফেলছিলেন পায়ের নিচ থেকে! হাথুরুসিংহে যতই বলেন, এই ছেলের মধ্যে সম্ভাবনা আছে, সমালোচকেরা ততই বলেন, কোথায় সম্ভাবনা? প্রমাণ দেখাও।
প্রমাণ দিতে একটা সুযোগ তো দরকার! ঘরোয়া ক্রিকেটের কোচরা সেটাই দিচ্ছিলেন না জুবায়েরকে। নেটেও জুবায়ের ওভারপ্রতি তিন-চারটি বাজে বল দেয়, বোলিংয়ের ‘অ্যাকুরেসি’ ৩০ থেকে ৪০ ভাগ—গত বিশ্বকাপ থেকেই এ রকম নেতিবাচক সব কথা শুনে তরুণ লেগ স্পিনারের আত্মবিশ্বাসটাই নেমে যাচ্ছিল তলানিতে। অবশেষে প্রমাণ দিতে মোক্ষম জায়গাটাই বেছে নিলেন ১৯ বছর বয়সী ক্রিকেটার।
বিরাট কোহলি আর ঋদ্ধিমান সাহার উইকেট পেয়েছেন—শুধু এটুকু বললেই তাঁর পুরো কৃতিত্বের বর্ণনা হয় না। এর আগে মাত্র তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল ভান্ডারে। সেটিকে কাজে লাগিয়েই কাল ভারতীয় ব্যাটসম্যানদের সামনে দাঁড়িয়ে গেলেন মায়াবী এক বিভ্রম হয়ে। টার্ন, বাউন্স আদায় করেছেন। গুগলি দিয়েছেন কবজির মোচড়ে। সবচেয়ে বিভ্রান্ত মনে হয়েছে কোহলিকে। ১৪ রানের ইনিংসে দুটি বাউন্ডারিই জুবায়েরের বলে মারলেও ভারত অধিনায়ক তাঁর যে ১৬টি বল খেলেছেন, রান নিতে পারেননি তার ১২টিতেই।
দিন শেষের সংবাদ সম্মেলনে সাকিব অনুপস্থিত জুবায়েরের হয়ে যে রকম গুগলি ছাড়লেন, সেটা পারতেন না তিনি নিজেও। জুবায়েরকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দেওয়ার দাবি সাকিবের কণ্ঠে, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর ও আর ম্যাচ খেলেছে কি না সন্দেহ। বিসিএল, প্রিমিয়ার লিগের মতো জায়গায়ও যদি সে খেলার সুযোগ না পায় এটা ওর জন্য খারাপ, একইভাবে জাতীয় দলের জন্যও খারাপ। যারা এসব দেখাশোনা করে তাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত কীভাবে ও নিয়মিত ম্যাচ খেলতে পারে।’ জুবায়ের সম্পর্কে সাকিবের মূল্যায়ন অতি উচ্চমানের, ‘আমি মনে করি আমাদের দেশের হয়ে তার তিন-চার শ উইকেট নেওয়ার সামর্থ্য আছে। ভালো জায়গায় বল করতে পারলে ও আরও বেশি উইকেট পাবে। লেগ স্পিনারদের জন্য ভালো জায়গায় বল ফেলা সব সময়ই কঠিন। ও যে কিছু বল ভালো জায়গায় ফেলতে পেরেছে এটাকেই আমি অনেক ইতিবাচকভাবে দেখি।’
টেস্ট ক্রিকেটে জুবায়েরকে বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ মনে করেন সাকিব। তাঁকে মাঠে দেখার অভিজ্ঞতা থেকে বললেন, ‘যে কয়টা বল জায়গামতো করেছে সবগুলোতেই ও ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পেরেছে। ওর বল ঘুরছে, গুগলিটাও ভালো হচ্ছে। অনেক ব্যাটসম্যানই ওর বল বুঝতে পারেনি।’
তাহলে ঘরোয়া ক্রিকেটে কোচরা কেন খেলাতে চান না জুবায়েরকে? কেন তাঁরা বলেন, জুবায়ের তো নেটেই ভালো বল করতে পারে না! তাঁকে স্কোয়াডে রাখা নিয়ে নির্বাচকদের সঙ্গেই বা কেন লড়াই করতে হয় কোচ-অধিনায়ককে? সাকিব দিতে পারতেন কেবল নিজের মতটা, সেটাই জানিয়ে দিলেন স্পষ্ট, ‘নেটের ব্যাটিং দেখলে অনেককে মনে হবে শচীন টেন্ডুলকার, আবার অনেককে মনে হবে রুবেল হোসেন। কিন্তু ম্যাচের পারফরম্যান্সটা অনেক বড়। কাউকে সুযোগ না দিয়ে অনুমান করে তাঁর সম্পর্কে কিছু বলাটা আমার মনে হয় খুবই ভুল কাজ। যদি এটা কেউ চিন্তা করে থাকে আমার মনে তাঁর ধারণাটা ভুল।’ সাকিব বরং মনে করেন, বাংলাদেশের কন্ডিশনে উইকেট নেওয়ার সামর্থ্য জুবায়েরেরই সবচেয়ে বেশি, ‘যেহেতু আমরা এই দেশেই বেশি ম্যাচ খেলব এবং এই দেশের পিচেই উইকেট নিতে হবে, আমি তো লিখনের (জুবায়ের) চেয়ে ভালো বোলার এখন দেখি না।’
নিজেকে মেলে ধরতে লেগ স্পিনারদের একটু বেশিই সময় লাগে। জুবায়েরের জন্য সবার কাছে সেই সময়টাই চাইলেন সাকিব, ‘আমরা তো ধৈর্য ধরবই। তবে আপনাদের (সাংবাদিক) বা বাংলাদেশের মানুষের কতটুকু ধৈর্য থাকবে সেটাই প্রশ্ন।’