জুবায়েরের গুগলি বুঝলেন না কোহলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চমৎ​কার এক গুগলিতে কোহলিকে বোল্ড করার পর জুবায়েরকে সতীর্থদের অভিনন্দন। ছবি: শামছুল হক
চমৎ​কার এক গুগলিতে কোহলিকে বোল্ড করার পর জুবায়েরকে সতীর্থদের অভিনন্দন। ছবি: শামছুল হক

‘অধিনায়ক বিরাট কোহলি বিপজ্জনক, চেষ্টা করব তাকে দ্রুত ফেরাতে’—ফতুল্লা টেস্টের আগে বলেছিলেন মুশফিকুর রহিম। ম্যাচ পরিকল্পনায় বাংলাদেশ অধিনায়ক সফল কি না, সেটা সময় বলে দেবে। তবে কোহলি-পরিকল্পনায় আপাতত সফল বাংলাদেশ অধিনায়ক। বিপজ্জনক হয়ে ওঠার আগেই ভারত-অধিনায়ককে ফিরিয়েছে বাংলাদেশ।
আজ ম্যাচের তৃতীয় দিনের সকালের সেশনে কোহলিকে ফেরানো ছাড়াও আরও কয়েকটি সাফল্য আছে বাংলাদেশের। বিনা উইকেটে ২৮৩ থেকে ৩ উইকেটে ৩১০। মাত্র ২৭ রানে ভারতের তিন উইকেট ফেলে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। তবে সেশনটা পুরোপুরি বাংলাদেশের, তাও বলা যাবে না। ভারত এ সেশনে তুলেছে ১৫৯ রান। লাঞ্চে গিয়েছে ৩ উইকেটে ৩৯৮ রান করে। বিজয় অপরাজিত ১৪৪ রানে ও রাহানে আছেন ৫৫ রানে।
বাংলাদেশের বিপক্ষে আরও একটি রানের পাহাড় গড়ার দিকেই ছুটছে ভারত। তবে লাঞ্চের বিরতিতে আবারও বৃষ্টি-বাগড়া। মাঠকর্মীরা উইকেট ঢেকে ফেলেছেন ত্রিপল দিয়ে।
প্রথম দিনে ১৫০ রানে অপরাজিত থাকা শিখর ধাওয়ানকে ১৭৩ রানে ফিরিয়ে সকালে ‘ব্রেক থ্রু’ এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। তার আগে একটি রেকর্ড গড়া হয়ে গেছে ধাওয়ান-মুরালি বিজয়ের উদ্বোধনী জুটির। দুজনের তোলা ২৮৩ রান বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি। ধাওয়ানের পর সাকিবের দারুণ এক বলে পরিষ্কার বোল্ড হয়ে দ্রুত ফিরেছেন ৬ রান করা রোহিত শর্মা।
কোহলির বিদায়ে ম্যাচে ফিরছে বাংলাদেশ

রোহিত ফিরে গেলে উইকেটে আসা ভারত অধিনায়ককে দ্রুত ফেরাতে শুভাগত হোমকে সরিয়ে বাংলাদেশ অধিনায়ক আক্রমণে নিয়ে আসেন লেগস্পিনার জুবায়ের হোসেনকে। শুরুতেই কোহলিকে ভালোই অস্বস্তিতে রাখেন জুবায়ের; প্রথম ওভারে রানই তুলতে পারেননি ভারতীয় ব্যাটিং সেনসেশন।
জুবায়েরের পরের দুই ওভারে অবশ্য দুটি চার মেরে স্নায়ুচাপ দূর করতে চেয়েছিলেন কোহলি। আউট হওয়ার আগের বলে মারা বাউন্ডারিটি এসেছিল তাঁর ট্রেডমার্ক কাভার ড্রাইভে। তবে কোহলির ব্যাটটা আর চওড়া হতে দিলেন না জুবায়ের। হাত থেকে বের করলেন ভয়ংকর অস্ত্রটি—গুগলি।
কোহলি আবারও কাভার ড্রাইভ খেলতে চেয়েছিলেন। কিন্তু ঠিক বুঝে উঠতে পারলেন না বলটি। যা হওয়ার তা-ই হলো, টাইমিংয়ে গড়বড়। ব্যাট-প্যাড হয়ে কোহলির বিদায় ঘণ্টা বাজাতে বল ধীরে ধীরে গড়িয়ে চলল স্টাম্পের দিকে! হতভম্ব হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন। মাত্র ১৪ রান করেই হাঁটা ধরলেন সাজঘরের দিকে। বাংলাদেশ পেল বিরাট কোহলির ‘বিরাট’ উইকেটটি! ছুটির দিনে প্রায় ভরে ওঠা ফতুল্লার গ্যালারি নেচে উঠল নির্মল আনন্দে।
কোহলি আজ মোট বল খেলেছেন ২২টি। এর মধ্যে জুবায়েরের ১৬টি, বাকি ৬টি সাকিবের। জুবায়েরের ১৬ বলে নিয়েছেন ১১ রান। এর মধ্যে চারের মার ছিল ২টি। ডট ছিল ১২ বল।
৩৪ টেস্টে এ নিয়ে চারবার বোল্ড হলেন কোহলি। প্রথমবার বোল্ড হয়েছিলে ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ানের বলে, ২০১২ সালে আহমেদাবাদে টেস্টে। গত বছর লর্ডসে বোল্ড হয়েছিলেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেটের বলে। সর্বশেষ, ব্রিসবেন টেস্টে মিচেল জনসনের বলে।
জুবায়েরের অন্যরকম ভালো লাগা কাজ করতেই পারে, ভারতের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যানকে ফিরিয়েছেন বলে নয়; লেগস্পিন তে বটেই গুগলিতে এই প্রথম বোল্ড হলেন কোহলি! ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নাম জুবায়ারের শিকার করা সবচেয়ে বড় উইকেটটির নামটাও নিশ্চয় কোহলি।