জুবায়েরের চ্যালেঞ্জ বাংলাদেশের ক্রিকেটেরও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হোসেন
জুবায়ের হোসেন

১৯৮২ সালের ইংল্যান্ড সফর, ওই সিরিজ দিয়েই নেতৃত্ব শুরু ইমরান খানের। আবদুল কাদিরও সেই সিরিজ দিয়ে ফিরলেন দলে। একটি টেস্ট ছাড়া সিরিজটি ভালো কাটেনি লেগ স্পিনারের। সিরিজের শেষ দিকে অধিনায়ক ইমরান বললেন, ‘কাদির তুমি থুতনিতে দাড়ি রাখো। এটা তোমাকে ভিন্ন একটা মাত্রা দেবে।’ দেশে ফিরে শুরু হলো কাদিরের দাড়ি রাখা প্রকল্প। ফলাফল, পরের সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ টেস্টে ২২ উইকেট!
পরে অনেকবারই কাদির হাসতে হাসতে বলেছেন, ‘লোকে তখন এমনিতেই আমাকে লেগ স্পিন জাদুকর বলতে শুরু করেছিল। জাদুকরদের মতোই থুতনির ওই দাড়ি দেখে সবাই আমাকে বলতে শুরু করল “ম্যাজিশিয়ান!”
দাড়ি নিশ্চয়ই কাদিরকে উইকেট এনে দেয়নি! উইকেট তিনি বোলিং-জাদুতেই পেয়েছেন। তবে ওই ‘ম্যাজিশিয়ান’ ভাবমূর্তিটা ছুঁয়ে যেত প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরও। সমীহ জাগাত। ঘটনাটাকে খুব ছোট্ট ও হালকা মনে হতে পারে। কিন্তু ওটাই প্রমাণ করে, একজন লেগ স্পিনারের দিকে কতটা খেয়াল রাখা উচিত অধিনায়কের!
উপলক্ষ এখানে জুবায়ের হোসেন। ইমরান-কাদির এলেন প্রসঙ্গক্রমে। বাংলাদেশের ক্রিকেটে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভূত জুবায়ের ধূমকেতুর মতোই যদি হারিয়ে যান! উজ্জ্বল সম্ভাবনার পাশে থাকছে ওই শঙ্কাটাও। দারুণ প্রতিশ্রুতি জাগিয়েও লেগ স্পিনারদের পথ হারিয়ে ফেলার নজির ক্রিকেটে কম নেই। হাতের কাছেই আছে লক্ষ্মণ শিবরামকৃষ্ণান, নরেন্দ্র হিরওয়ানিদের উদাহরণ। বাংলাদেশে শঙ্কাটা বেশি, এখানকার ক্রিকেট-সংস্কৃতিতে পরিণতিবোধের অভাব ফুটিয়ে তোলে প্রতি পদক্ষেপেই।
জুবায়েরের নিজের দায়িত্ব তো আছেই। ক্রিকেটের কঠিনতম শিল্পটির প্রতিভা তাঁকে ক্রিকেট-বিধাতা দিয়েছেন। এই বয়সেই যথেষ্ট সমৃদ্ধ অস্ত্রভান্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে পায়ের তলায় মাটিও পেয়েছেন দ্রুত। এখন অস্ত্রে শাণ দেওয়া আর নতুন কিছু যোগ করার পালা। পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতা ধরে রাখা, লেগ স্পিনের আরাধনা করা জুবায়েরের দায়িত্ব। বাকি দায়িত্ব ক্রিকেট বোর্ডের, টিম ম্যানেজমেন্টের, নির্বাচকদের এবং সবচেয়ে বেশি অধিনায়কের। মাঠের সবকিছু যেহেতু অধিনায়কই সামলান, একজন লেগ স্পিনারকে পরিচর্যার দায়িত্ব সবচেয়ে বেশি তাঁরই। ইমরান-কাদির এখানেও প্রাসঙ্গিক।
বলা হয়, অনেক সময় একজন লেগ স্পিনার ততটাই ভালো, যতটা ভালো তার অধিনায়ক। অধিনায়ককে বুঝতে হবে লেগ স্পিনারকে, বুঝতে হবে ধরন। লেগ স্পিনার প্রায়ই করবেন ফুল টস, শর্ট পিচ। কোনো স্পেলে, এমনকি পুরো ম্যাচে ঠিক হবে না কিছুই। সেই সময়গুলোয় পাশে থাকতে হবে, সাহস জোগাতে হবে। আত্মবিশ্বাসে ঘাটতি থাকলে ভালো লেগ স্পিনার হওয়া প্রায় অসম্ভব। আর অধিনায়ক পূর্ণ আস্থা রাখলে লেগ স্পিনারও আত্মবিশ্বাসী থাকে। তিরিশের দশকের দুই গ্রেট ক্ল্যারি গ্রিমেট ও ‘টাইগার’ বিল ও’রিলির সাফল্যে বড় ভূমিকা ছিল যেমন অধিনায়ক বিল উডফুলের, কাদিরের ক্যারিয়ারে ইমরানের। আবার কোনো অধিনায়ক সেভাবে বোঝেননি বলেই প্রস্ফুটিত হয়নি সুভাষ গুপ্তের সম্ভাবনার পুরোটা। ৩৬ টেস্টে ৯ অধিনায়কের নেতৃত্বে খেলেছেন গুপ্তে, স্যার গ্যারি সোবার্সের দেখা সেরা লেগ স্পিনার! শেন ওয়ার্নের ওয়ার্ন হয়ে ওঠায় মার্ক টেলরের ভূমিকার কথা সুযোগ পেলেই ওয়ার্ন এখনো বলেন।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম নতুন এই চ্যালেঞ্জে বেশ রোমাঞ্চিত, ‘এক লেগ স্পিনার পাওয়া যেকোনো অধিনায়কের জন্যই রোমাঞ্চকর। জুবায়ের যেমন নতুন, আমাদের জন্যও অভিজ্ঞতাটা নতুন। সিরিজে অনেকবারই ওর ২-১ ওভার বোলিং দেখে মনে হয়েছে “কিচ্ছু হবে না ওকে দিয়ে।” পরমুহূর্তেই অসাধারণ একটা ডেলিভারি করেছে। আসলে আমারও অভিজ্ঞতা নতুন বলে বুঝতে পারছি ধৈর্য ধরতে হবে, আস্থা রাখতে হবে।’
বাংলাদেশের মতো দলের অধিনায়কের জন্য কাজটি কঠিন। বেশির ভাগ সময়ই ব্যাটসম্যানরা পর্যাপ্ত রান তুলতে পারবেন না। লেগ স্পিনারের মতো খরুচে বোলার ‘পোষা’ প্রায় সময়ই কঠিন হবে। আগামী বছরই ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। কাজটা তখন হবে আরও কঠিন। অধিনায়ক কি পারবেন তখন জুবায়েরকে সামলাতে? আত্মবিশ্বাসী হাসিতে মুশফিকের উত্তর, ‘এটুকু পারার মতো যথেষ্ট আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি!’
এই ‘পারার’ চ্যালেঞ্জ নিতে হবে নির্বাচক, টিম ম্যানেজমেন্টকেও। আর ক্রিকেট বোর্ডের দায়িত্ব এই শিক্ষানবিশ জুবায়েরকে গ্র্যাজুয়েট করে তোলা। কদিন আগেই পাকিস্তানে গিয়ে কাদিরের টিপস নিয়ে এলেন ইমরান তাহির। ক্যারিয়ারের শুরুতেই কাদিরের সঙ্গে একদিন লম্বা সময় কাটিয়ে অনেক কিছু শিখেছিলেন ওয়ার্ন। কাদির-ওয়ার্ন না হোক, জুবায়েরকে অন্তত ঘরের পাশে চন্দ্রশেখর-শিবরামকৃষ্ণানদের সংস্পর্শে নেওয়ার ব্যবস্থা করাই যায়!
সব প্রচেষ্টা একবিন্দুতে মিললেই কেবল জুবায়েরের সৌরভে দীর্ঘদিন সুরভিত হবে বাংলাদেশের ক্রিকেট। বিশ্ব ক্রিকেটও!