জুবায়েরের হাতে এখন অনেক কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচেই ৬ উইকেট। সবাই ভাবল, এই তো জ্বলে উঠছেন জুবায়ের হোসেন! প্রিমিয়ার লিগ এবার তাঁর লেগ স্পিনেই মাত হবে। এক ম্যাচ উইকেটশূন্য থেকে তৃতীয় ম্যাচে ৪ উইকেট। ঢাকা প্রিমিয়ার লিগ যেন বিষাদ ভুলিয়ে আনন্দে ভাসাতে শুরু করল জুবায়েরকে।

কিন্তু সময় যত গড়াল, তাঁর লেগ স্পিন দিগ্ভ্রান্ত হতে লাগল। শেষ পর্যন্ত লিগে সাত ম্যাচ খেলে ১৩ উইকেট। শেষ চার ম্যাচে মাত্র ৩ উইকেট। বেশ মারও খেলেন দু-একটা ম্যাচে। তবে জুবায়ের শুরু আর শেষের পারফরম্যান্সের বৈপরীত্যে মোটেও আশাহত নন। আগেরবারের চেয়ে যে ভালো করেছেন! চ্যাম্পিয়ন দল আবাহনীতে খেলা, সাকিবের সঙ্গে বোলিং জুটি বাঁধা—সব মিলিয়ে ২২ জুন শেষ হওয়া প্রিমিয়ার লিগ যেন ক্লাব ক্রিকেটের পরিপূর্ণ তৃপ্তি দিয়েছে তাঁকে, ‘আগেরবার বেশি ম্যাচ খেলা হয়নি। এবারই আমি বেশি ম্যাচ খেলেছি। আবাহনী চ্যাম্পিয়ন টিম এবং চ্যাম্পিয়ন টিমে খেলার অভিজ্ঞতাই অন্য রকম। সাকিব ভাইয়ের সঙ্গে টিম কম্বিনেশন খুব ভালো ছিল।’

এবারের প্রিমিয়ার লিগ জুবায়েরের জন্য ছিল আয়নার মতো। আয়নার সামনে দাঁড়িয়ে ধরতে পেরেছেন নিজের বোলিং ত্রুটিগুলো। সেখান থেকে নিজেকে শুধরেই নামতে চান আসন্ন ইংল্যান্ড সিরিজে। ঘরোয়া ক্রিকেটে পরিপক্ব হওয়ার আগেই আন্তর্জাতিক অভিষেক হলেও তৃতীয় টেস্টেই নেন ইনিংসে ৫ উইকেট। এবার তো ঘরোয়া ক্রিকেটে কিছুটা ধাতস্থ হয়ে নামার সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটে। নিজের কাছে প্রত্যাশার সীমাও তাই বাড়ছে জুবায়েরের, ‘আগেরবার শূন্য হাতে ছিলাম। এবার কিছু-না-কিছু হাতে আছে। সামনে বিসিএলও আছে। চেষ্টা থাকবে ওই জিনিসগুলো কাজে লাগানোর।’

ওভারপ্রতি এখনো দু-একটা বাজে বল হয়ে যায়। ইংল্যান্ড সিরিজের আগেই সমস্যাটা দূর করার ইচ্ছা এই তরুণ লেগ স্পিনারের। আর তাতে পাকিস্তানের ইয়াসির শাহর কথাটা হতে পারে প্রেরণা। গত বছর বাংলাদেশ সফরে এসে গুগলি শিখতে জুবায়েরের শরণাপন্ন হওয়া ইয়াসিরের কাছ থেকে কিছু পেয়েছিলেন তিনিও, ‘উনি বলেছিলেন, তোমার এখনো অনেক সময় আছে। চিন্তা না করে চেষ্টা করো ভালো জায়গায় বল ফেলতে। যত তাড়াতাড়ি শিখবে, ততই তোমার জন্য ভালো হবে।’

সেটার জন্য একজন পথপ্রদর্শক দরকার। কিন্তু এই মুহূর্তে যে একরকম অভিভাবকহীনই পড়েছেন জুবায়ের! স্পিন কোচ রুয়ান কালপাগের ফেরাটা গতকাল পর্যন্তও ছিল অনিশ্চিত। আগামীকাল জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শেষ হওয়ার পর কয়েক দিন ফিল্ডিং অনুশীলন চলবে। তারপর ব্যাটিং-বোলিং। চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্য সব বিদেশি কোচই ঢাকায় ফিরেছেন। হাথুরুসিংহের আগে থেকেই দেহরক্ষী আছে, কাল অন্য বিদেশিরাও মাঠ-আবাসস্থলের পথে নিরাপত্তারক্ষী পেলেন।

কিন্তু কালপাগে নাকি এত কিছুর পরও বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন। বিসিবি অবশ্য তাঁর এই অজুহাতকে এখন আর পাত্তা দিচ্ছে না। যত দ্রুত সম্ভব কাজে যোগ দেওয়ার জন্য কাল একটা ই-মেল করা হয়েছে কালপাগেকে। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ও আসতে আরেকটু সময় নিতে চাচ্ছিল। কিন্তু অন্য সব কোচ চলে আসার পর এখন আর সময় নেওয়ার সুযোগ নেই। তাকে যত দ্রুত সম্ভব ঢাকায় আসতে বলা হয়েছে।’