জুয়াড়ি ধরতে বিসিবির নতুন উদ্যোগ

ম্যাচ চলার সময় কীভাবে ছড়িয়ে পড়ে ক্রিকেট জুয়া (বেটিং), সর্বশেষ বিপিএলে সেটি দেখা গেছে। বিপিএলের বাজির আসর বসতে না দেওয়ায় নভেম্বরে বাড্ডায় খুন হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। বিপিএল চলার সময়ই বিষয়টি ভাবিয়ে তুলেছিল বিসিবিকে।
যদিও তখন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন, দেশে বেটিং নিয়ে কোনো আইন না থাকায় ক্রিকেট জুয়া বন্ধে তাঁদের খুব বেশি কিছু করার নেই। তবে স্টেডিয়ামে কাউকে যদি বেটিং করতে দেখা যায়, সেটি বন্ধে বিসিবি সর্বোচ্চ ব্যবস্থাই নেবে। ‘সর্বোচ্চ ব্যবস্থা’ও তেমন কিছু নয়। আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া।
তবে এবার ত্রিদেশীয় সিরিজে বেটিং বন্ধে পুলিশ প্রশাসনের সহায়তায় নতুন পদক্ষেপ নিচ্ছে বিসিবি। এখন থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করা হবে। তাৎক্ষণিকভাবে বসানো হবে মোবাইল কোর্ট। এই কার্যক্রমে বিসিবিকে সহযোগিতা করতে পুলিশ প্রশাসনকে নির্দেশও দিয়েছেন ডিএমপি কমিশনার।
আজ সিরিজের টাইটেল স্পনসর হিসেবে ‘রকেটে’র নাম ঘোষণার অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, জুয়া বন্ধের এই উদ্যোগ শুধু স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশেই থাকবে, ‘বিদ্যমান আইনে কিছু সীমাবদ্ধতা আছে। জুয়াড়িদের শাস্তিতে দ্রুততম সময়ের মধ্যে কিছু করা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে। সরকারের উচ্চমহলে আলোচনা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা হয়েছে।’