জেগে উঠলেন নাসির, 'অশান্ত' নাজমুল
>বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা-নির্ধারণী ম্যাচে আজ লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন নাসির হোসেন। নাজমুল হোসেন শান্ত পেয়েছেন আরও একটি শতক। এই দুইয়ের সেঞ্চুরিতে ৩৭৪ রান তুলেছে আবাহনী লিমিটেড।

ইনিংস বিরতিতেই বিকেএসপিতে আসা আবাহনী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ! প্রথমে ব্যাটিং করে আবাহনী যে রানের পাহাড় গড়েছে, তাতেই যেন আগাম উৎসবের উপলক্ষ পেয়ে গেছে আকাশি-নীল সমর্থকেরা!
অধিনায়কত্বের চাপেই কি না এবার কেমন যেন ঘুমিয়ে পড়েছিলেন নাসির হোসেন। সেই ঘুম ভেঙে অবশেষে জাগলেন! জাগলেনও মোক্ষম সময়ে—একেবারে শিরোপা নির্ধারণী ম্যাচে। বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আজ রানের ফোয়ারা ছুটিয়েছেন নাসির। নাসিরের সঙ্গে ‘অশান্ত’ হয়ে উঠলেন নাজমুল হাসান শান্তও! জোড়া সেঞ্চুরিতে আবাহনী গড়েছে ৩৭৪ রানের পাহাড়।
গত ঢাকা প্রিমিয়ার লিগটা ছিল নাসিরের কাছে সোনায় বাঁধিয়ে রাখার মতো। ২৪০ গড়ে ৮ ম্যাচে করেছিলেন ৪৮০ রান। আর এবার ছবিটা ঠিক বিপরীত। ১৬ ম্যাচে ৩৫.৪০ গড়ে ৫৩১ রান। তিনটি ফিফটি পেয়েছেন, এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম সেঞ্চুরির দেখা পেতে নাসিরকে অপেক্ষা করতে হলো শেষ ম্যাচ পর্যন্ত।
সেঞ্চুরিটা অবশ্য পেয়েছেন দাপুটে ব্যাটিংয়েই! তিন অঙ্ক ছুঁয়ে নাসির ধন্যবাদ দিতে পারেন রূপগঞ্জের ফিল্ডারদেরও। পারভেজ রসুলের বলে শর্ট মিড উইকেটে আশিকের হাত গলে যখন জীবন পেলেন, নাসিরের রান ২৭। নাসিরের সেঞ্চুরি করা হয় না যদি ৩৩তম ওভারে ফিরতি ক্যাচটা ধরতে পারতেন নাঈম। ৩৮তম ওভারে বাউন্ডারির কাছে নাসিরের আরেকটা ক্যাচ ফসকালেন মোশাররফ হোসেন। তিনবার কুড়িয়ে পাওয়া সুযোগে ৫৬ বলে করলেন ফিফটি। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে খেলেছেন আর মাত্র ২৩ বল। ১১ চার আর ৩ ছক্কা মেরে পাঁচে নেমে ওপেনার নাজমুলের আগে পেয়েও গেলেন সেঞ্চুরি। ৪২তম ওভারে তিন অঙ্কও ছুঁলেন বেশ রাজকীয় ভঙ্গিতে, আসিফ হাসানকে এক্সট্রা কাভার দিয়ে বাউন্ডারি মেরে। একই ওভারে সেঞ্চুরি পেয়েছেন নাজমুলও। এটি লিগে তাঁর দ্বিতীয়। শুধু সেঞ্চুরিতেই শেষ নয়, ১৬ ম্যাচে ৭৪৯ রান করে এনামুলকে টপকে এবারের লিগে সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।
এনামুল-নাজমুলের ৭৩ বলে ৯২ রানের উড়ন্ত সূচনার পর ৩১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে আবাহনী। রূপগঞ্জের বোলারদের সাফল্যের গল্প এতটুকুই। রূপগঞ্জের কাঁধে রানের বোঝা চাপিয়ে দিয়েছে নাসির-নাজমুলের জুটি। রূপগঞ্জের বাজে ফিল্ডিং ও বোলিংয়ের সুযোগে চতুর্থ উইকেটে নাসির-নাজমুল যোগ করেছেন ১৪৮ বলে ১৮৭ রান। ড্রেসিংরুমে ফেরার আগে নাজমুলের রান ১০৭ বলে ১১৩, নাসির করেছেন ৯১ বলে ১২৯। ৪ ছক্কায় ৭ বলে অপরাজিত ২৮ করে দুজনের চেষ্টাকে সুন্দর পরিণতি দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
৩৭৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১১.১ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুলেছে রূপগঞ্জ।