জেগে ওঠো অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নিজের দেশে খেলছে বলেই নয়, কাগজে-কলমেও অস্ট্রেলিয়া বিশ্বকাপের হট ফেবারিট। কেউ কেউ তো টুর্নামেন্ট শুরুর আগেই ট্রফিটা দিয়ে দিতে চেয়েছিলেন তাদের। কিন্তু বিশ্বকাপ শুরুর পর সেই অস্ট্রেলিয়ার চলার পথটাই কেমন কণ্টকাকীর্ণ হয়ে গেল! ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু হলেও বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলো বাংলাদেশের সঙ্গে। আর সর্বশেষ ম্যাচে প্রতিবেশী নিউজিল্যান্ডের কাছে হারের পর তিন ম্যাচ থেকে মাইকেল ক্লার্কের দলের পয়েন্ট মাত্র ৩! নেট রানরেটে বাংলাদেশের চেয়েও পিছিয়ে তারা চারে! অথচ অন্য স্বাগতিক নিউজল্যান্ড এ পর্যন্ত তাদের খেলা চারটি ম্যাচই জিতে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। অস্ট্রেলিয়ারও তাই এখনই জেগে ওঠার তাড়া দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ডি বিকেল।
আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে বিকেল লিখেছেন, ‘গত দুটি সপ্তাহ ছিল অস্ট্রেলিয়ার জন্য খুবই হতাশাজনক। কিন্তু এটাই অস্ট্রেলিয়ার জন্য আবার সতর্কবার্তাও। এখন দেখার অপেক্ষা তারা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে কি না। কারণ আর কোনো গড়বড় করার ঝুঁকি নিতে পারবে না তারা।’
আগামী পরশু পার্থে অস্ট্রেলিয়া পরের ম্যাচটা খেলবে নবাগত আফগানিস্তানের সঙ্গে। সেটা নিয়ে খুব একটা চিন্তিত না হলেও ৮ মার্চ সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা যথেষ্ট কঠিন হবে বলেই মনে করেন বিকেল, ‘ওটা হবে অজিদের জন্য বড় পরীক্ষা।’ আইসিসি ক্রিকেট।