জেতা ম্যাচ হারল বাংলাদেশের যুবারা

দক্ষিণ আফ্রিকা যুবাদের বিপক্ষে মিরপুর অধ্যায় দারুণই হয়েছিল বাংলাদেশের যুবাদের। প্রথম দুই ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়ে আজ কক্সবাজারে প্রোটিয়া যুবাদের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কক্সবাজার অধ্যায়ের শুরুটা দারুণই হতে পারত নাজমুল-সাইফদের। কিন্তু তা হয়নি। ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত ২ রানে হেরে সিরিজে প্রথম পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশের যুবারা।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে একপর্যায়ে বাংলাদেশের দরকার ছিল ৮৬ বলে ৯০ রান। হাতে ৮ উইকেট। একপর্যায়ে ৩০ বলে ৩৮ রান, হাতে ৬ উইকেট। এমন পরিস্থিতিতেও জিততে পারেনি বাংলাদেশ। স্নায়ুচাপ আর তাড়াহুড়োয় শেষ দুই ওভারে পড়ল তিন উইকেট। এ সময়ে বাউন্ডারি এল মাত্র দুটি। বাংলাদেশের ইনিংস থামল ২২৭ রানে।
দলীয় ২২ রানে ওপেনার পিনাক ঘোষ ফিরে গেলেও দলকে এগিয়ে নেন নাজমুল হোসেন ও সাইফ হাসান। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৯ বলে ৫৫ রান। রান আউটে কাটা পড়ে ফেরার আগে অধিনায়ক নাজমুলের সংগ্রহ ২৪ রান। এরপর জাকিরকে নিয়ে আরেকটি জুটি গড়েন সাইফ। দুজনের তৃতীয় উইকেটে আসে ৭৩ বলে ৬৩ রান। জাকির ফেরেন ৩০ রান করে। এরপর কিছুটা ছন্দপতন বাংলাদেশের। ২ উইকেটে ১৪০ থেকে ৪ উইকেটে ১৪৪; ৪ রানের ব্যবধানে নেই ২ উইকেট। সাইফ আউট হন ৭০ রানে। তবুও দলকে জয়ের পথে নিতে পঞ্চম উইকেটে দাঁড়িয়ে যান মোসাব্বেক হোসেন ও সাইফউদ্দিন। দুজনের জুটিতে আসে ৭০ বলে ৭১ রান। ৩৫ রানে মোসাব্বেক ফেরার সময়ও দরকার ছিল ৯ বলে ১৫ রান। বাংলাদেশ তুলতে পারল ১২ রান। প্রোটিয়াদের পক্ষে আব্রাহাম নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে আবদু গালিয়েমের ফিফটি, সঙ্গে কাইলের ৪০, মুনসামের ৩৬, ফক্সক্রপ্টের ৩৬ রানের মতো কিছু মাঝারি ইনিংসের সুবাদে প্রোটিয়া যুবাদের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৯ রান। বাংলাদেশের পক্ষে সালেহ আহমেদ নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২২৯ / ৮ (গালিয়েম ৫১, কাইল ৪০; সালেহ ৩ / ৪১)।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯: ৫০ ওভারে ২২৭ / ৭ (সাইফ ৭০, সাইফুদ্দিন ৩৬; আব্রাহাম ৩ / ৩১)।
ফল: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: গালিয়েম।