জেতার জন্য যথেষ্ট রান হয়ে গেছে শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
জেতার জন্য যথেষ্ট রান হয়ে গেছে শ্রীলঙ্কার
জেতার জন্য যথেষ্ট রান হয়ে গেছে শ্রীলঙ্কার
• জয়ের সুবাস পাচ্ছেন রোশেন সিলভা।
• তাঁর মতে, এই উইকেটে ভালো বল হলে কিছুই করার নেই।

গত বছর দিল্লিতে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নির্ভেজাল ‘ডাক’ মেরে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন রোশেন সিলভা। এরপর তাঁর চারটি ইনিংস দেখুন—৭৪*, ১০৯, ৫৬ ও ৫৮*। অপরাজিত থাকা শেষ ইনিংসটি মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে। এমন একজন ব্যাটসম্যান দ্বিতীয় দিন শেষে শেরেবাংলার উইকেট নিয়ে বললেন, ‘ব্যাট করতে যাওয়ার আগে প্রার্থনাই সর্বোত্তম পন্থা!’

মোহাম্মদ আজহারউদ্দিন, সুনীল গাভাস্কার ও হার্বি কলিন্সের পর টেস্ট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেন রোশেন। অর্থাৎ তাঁর ব্যাটিং-সামর্থ্য নিয়ে আপাতত কোনো প্রশ্ন চলে না। কিন্তু শেরেবাংলা স্টেডিয়ামের কুচকুচে কালো মাটির বাইশ গজি ‘ঘূর্ণি জমিন’ তাঁকেও ধন্দে ফেলেছে। তা না হলে কৌতুক করে হলেও প্রার্থনার কথা বলার কথা নয়।
রোশেনের সোজা কথা, ‘এই উইকেটে ভালো বল হলে কিছুই করার নেই। হঠাৎ করেই দু-একটা উইকেট পড়তে পারে।’ দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ২০০ রান তুলতেই ৮ উইকেট হারানো রোশেনের এ কথার প্রমাণ। কিংবা প্রথম ইনিংসে তাঁদের ২২২ রানে অলআউট হওয়া আর বাংলাদেশ তো ১১০ রানেই অলআউট!
তাহলে এই উইকেটে রান করার উপায় কী? রোশেন পথ বাতলে দিলেন, ‘বাজে বলগুলো থেকেই অবশ্যই রান তুলতে হবে।’ হাতে ২ উইকেট রেখে ইতিমধ্যেই ৩১২ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। কাল সকালে লিডটা আরও বাড়ানোর লক্ষ্য তাঁদের। উইকেট বিচারে তিন শর বেশি রানের লিড নেওয়াই কি জয়ের জন্য যথেষ্ট নয়? এ প্রশ্নের জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি একটা চ্যালেঞ্জও ছুড়ে দিলেন রোশেন, ‘আমার মনে হয় যথেষ্ট। বাংলাদেশের সব ব্যাটসম্যানই কিন্তু জানে এই উইকেট সহজ (ব্যাটিংয়ের জন্য) হবে না।’
রোশেন তাঁর যুক্তির ব্যাখ্যাও দিলেন, ‘আমাদের স্পিন অ্যাটাক অনেক বেশি অভিজ্ঞ। তাদেরও (বাংলাদেশের) দারুণ বোলার আছে কিন্তু রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা অনেক অনেক অভিজ্ঞ। হেরাথের টেস্টে চারশোর্ধ্ব উইকেট আছে, দিলরুয়ানের ৭০০ প্রথম শ্রেণির উইকেট। সুরঙ্গা ও আকিলাও ভালো বোলিং করেছে। ম্যাচটা জিততে আমরাই ভালো অবস্থানে রয়েছি।’
মিরপুর টেস্টের বাকি এখনো তিন দিন। এরই মধ্যে দুটি ইনিংস শেষ হয়েছে, তৃতীয় ইনিংসও শেষের পথে। এ অবস্থায় দ্বিতীয় দিন শেষে নির্মোহ কণ্ঠে রোশেন যা বলে গেলেন, সেটা আসলে বাস্তবতা। তবে এটাও সত্য টেস্ট মানে নাটকীয়তাও। কে জানে চতুর্থ ইনিংসে কী চিত্রনাট্য লিখবে বাংলাদেশ!