জেতার পরও যা ভাবাচ্ছে বাংলাদেশকে

>
- জয় দিয়ে নিদাহাস ট্রফির প্রস্তুতি সেরেছে বাংলাদেশ।
- ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করেছে বাংলাদেশ।
- এ জয়েও কিছু প্রশ্ন থেকে গেছে, যেগুলোর উত্তর দ্রুত খুঁজে নিতে হবে বাংলাদেশকে।
দুই স্তরের নিরাপত্তাতল্লাশি পেরিয়ে ঢুকতে হলো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। শ্রীলঙ্কানদের কাছে প্রায় ৩৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন প্রেমাদাসা স্টেডিয়াম হয়ে উঠেছে উৎসবের বিশাল মঞ্চ। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার কথাটাই কানে বাজছে, ‘এখন সময় উদ্যাপনের।’
ক্রিকেটীয় দিক ভাবলে ‘উদ্যাপন’ অবশ্য সবাই করতে পারবে না। সিরিজটা নিশ্চয়ই তিন দল জিতবে না। জয়ী দলটা বাংলাদেশ হতে পারবে কি না, আপাতত সেই চিন্তা করা বাড়াবাড়ি। দেশের মাঠেই যেভাবে শ্রীলঙ্কার কাছে হেরেছে, সেখানে শ্রীলঙ্কার মাটিতে! ভবিষ্যতের কথা ভবিষ্যতেই তোলা থাক। বর্তমান হচ্ছে, বাংলাদেশ নিদাহাস ট্রফির প্রস্তুতিটা সেরেছে দারুণভাবে। আজ কলম্বো ক্রিকেট ক্লাবের (সিসিসি) মাঠে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশকে ৪১ রানে হারিয়েছে।
হোক প্রস্তুতি ম্যাচ, ধারাবাহিক ব্যর্থতার ভিড়ে বাংলাদেশ অন্তত জয়ের দেখা তো পেল। তপ্ত রোদ্দুর এড়িয়ে সিসিসি ড্রেসিংরুমের সামনে তাঁবুর নিচে বসা বাংলাদেশ দলের খেলোয়াড়দের হাসিমাখা মুখগুলো বলে দিচ্ছিল, এটাই তাঁরা আঁতিপাঁতি খুঁজেছেন গত কদিনে। দুর্দান্ত খেলা লিটন দাসের তৃপ্তিটা একটু বেশিই, ‘এ ধরনের ম্যাচ খেলা হয় প্রস্তুতির জন্য। ব্যাটিং-বোলিংয়ে আমাদের যে প্রস্তুতি দরকার, সেটি আজ হয়েছে। এখন এটা কাজে লাগাতে হবে ম্যাচে। সেখানে কাজে লাগাতে পারলে আশা করি সিরিজটা ভালো করব।’
প্রস্তুতি ম্যাচে দলের বেশির ভাগ ব্যাটসম্যানই ভালো ব্যাটিং করেছেন, বোলাররাও কম-বেশি সবাই সফল। সবচেয়ে দুর্দান্ত হয়েছে ফিল্ডিং। তিন বিভাগ একসঙ্গে জ্বলে উঠেছে বলেই তো এ জয়। জয়টা আত্মবিশ্বাসের রসদ হিসেবে কাজ করবে বললেও নির্বাচক হাবিবুল বাশারের মনে একটু খচখচানি থেকে গেছে, ‘ব্যাটিংয়ে কিছু কাজ করার আছে। প্রথম ৬ ওভারে উইকেট হারিয়েছি, যেটি টি-টোয়েন্টিতে আদর্শ নয়। বোলিংয়ে প্রথম ৬ ওভারে রানটা একটু বেশি দিয়ে ফেলেছি। আজ ফল নিয়ে খুশি, তবে এসব জায়গায় কাজ করতে হবে।’
১৪ রানেই সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হারিয়ে একটু চাপেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। পরে লিটন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্ধার। আবার বোলিংয়ে প্রথম ৬ ওভারে দিয়েছে ৫৬। যদিও তিনটি উইকেট পেয়েছে, তবে রানটা একটু বেশিই হয়ে গেছে। হাবিবুলের কথা হচ্ছে, পাওয়ার প্লেতে আরও ভালো করতে হবে, ‘টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারে উইকেট হারালে আপনি পিছিয়ে পড়বেন। বোলিংয়েও ৬ ওভারে বেশি রান দিলে সমস্যা। বোলাররা উইকেট পেয়েছে যদিও, তবে আরও কম রান দেওয়া দরকার। মূল ম্যাচে এসব ভুল করার সুযোগ নেই। আশা করি, সবাই এ ম্যাচের ভুলগুলো শুধরে নেবে।’
জাঁকালো এক অনুষ্ঠান দিয়ে উদ্বোধন হয়ে গেল নিদাহাস ট্রফির। আজ ম্যাচ না থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অংশগ্রহণ থাকল। ‘অংশগ্রহণই বড় কথা’—বাংলাদেশ নিশ্চয়ই এ ভাবনায় শ্রীলঙ্কায় আসেনি। যে ভাবনায় এসেছে সেটি সত্যি করতে হলে হাবিবুলের কথাটা মনে রাখতে হবে, ‘ভুল করা যাবে না!’