জেতার রান করেও জেতা হয়নি যে ম্যাচগুলো
দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আশা জাগিয়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ২৭৮ রান তুলে দারুণ একটা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু ম্যাচটা বাংলাদেশ হারল ১০ উইকেটে। প্রায় এক দশক পর ওয়ানডেতে ১০ উইকেটে হারের শিকার হলো বাংলাদেশ। কিন্তু ২৭৮ রান করে ১০ উইকেটের হারটা কেউ যেন ঠিক মেনে নিতে পারছে না। ইতিহাসের দিকে চোখ ফেরালে অবশ্য দেখা যাবে, এর চেয়ে বেশি রান করেও হারের অভিজ্ঞতা আছে বাংলাদেশের।

বাংলাদেশ বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০১৪
মিরপুরে টস জিতে আগে ব্যাট করেছিল মুশফিকুর রহিমের বাংলাদেশ। এনামুল হকের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩২৬ রান তোলে দল। এই ম্যাচে বাংলাদেশের প্রথম ৪ ব্যাটসম্যানই ফিফটির দেখা পেয়েছিলেন; সাকিব আল হাসান ১৬ বলে করেছিলেন ৪৪ রান। জবাবে আহমেদ শেহজাদের সেঞ্চুরির পরও জয় নিশ্চিত করতে পারছিল না পাকিস্তান। কিন্তু শেষ দিকে শহীদ আফ্রিদির ২৫ বলে ৫৯ রানের ইনিংসটি ম্যাচ ঘুরিয়ে দেয় পাকিস্তানের দিকে।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭
এই তো সেদিনের ঘটনা এটি। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ওভালে টস জিতে এউইন মরগান যখন ফিল্ডিং নিলেন, তখনই বোঝা গিয়েছিল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সাড়ে তিন শ করতে হবে মাশরাফিদের। তামিমের সেঞ্চুরি আর মুশফিকের ফিফটিতে শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩০৫ রান করে বাংলাদেশ। এই রানটাও যে কত কম, তা টের পাওয়া গিয়েছিল ইংলিশদের ব্যাটিংয়ে। শুরুতেই জেসন রয়কে হারালেও জো রুটের অপরাজিত সেঞ্চুরি আর হেলস-মর্গানের ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পায় ইংল্যান্ড।

বাংলাদেশ বনাম ভারত, ত্রিদেশীয় সিরিজ ২০১০
ঢাকার এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তামিম, ইমরুল আর মাহমুদউল্লাহর ফিফটিতে ২৯৬ রান করে বাংলাদেশ। ৯ ওভারে ৫১ রানের মধ্যে ভারতের ৩ উইকেট তুলে নিলে জয়টাকে হাতের নাগালেই মনে হচ্ছিল। কিন্তু বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি আর সুরেশ রায়না মিলে ভারতের ম্যাচ জয় নিশ্চিত করেন। অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচসেরা হন মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ২০১৫ বিশ্বকাপ
আগের ম্যাচেই ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে দেশে ফেরার টিকিট ধরিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহর টানা দ্বিতীয় সেঞ্চুরিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮৮ রান করে বাংলাদেশ, ফিফটি করেছিলেন সৌম্য সরকার। মাশরাফির অনুপস্থিতিতে অধিনায়ক হয়েছিলেন সাকিব। জবাবে মার্টিন গাপটিলের সেঞ্চুরি আর টেইলরের ফিফটিতে ৩ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।

বাংলাদেশ বনাম ভারত, এশিয়া কাপ ২০০৮
করাচির এই ম্যাচে অলক কাপালির ক্যারিয়ার-সর্বোচ্চ ১১৫ রানে ৬ উইকেট হারিয়ে ২৮৩ রান করে বাংলাদেশ। শুরুতেই জোড়া উইকেট নিয়ে ভারতকে চিন্তায় ফেলেছিলেন পেসার শাহাদাত হোসেন। কিন্তু সুরেশ রায়নার ক্যারিয়ার-সেরা ১১৬ আর গৌতম গম্ভীরের ৯০ রানে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত।

বাংলাদেশ বনাম ভারত, এশিয়া কাপ ২০১৪
অধিনায়ক মুশফিকের আরও একটি সেঞ্চুরি, এবারে ক্যারিয়ার-সেরা ১১৭ রান। সঙ্গে এনামুলের ৭৭ রানে ভর করে ২৭৯ রান করে বাংলাদেশ। এবারও ৫৪ রানে ২ উইকেট হারায় ভারত। কিন্তু কোহলি আর অজিঙ্কা রাহানের ২১৩ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। ফতুল্লার এই ম্যাচটা হারে ৬ উইকেটে। সূত্র ক্রিকইনফো।