জেমিসনকে নিয়ে টেন্ডুলকারের ভবিষ্যদ্বাণী

নিউজিল্যান্ডের টেস্ট জার্সিতে কাইল জেমিসন।ছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে একাই ভারতকে ধসিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসন। প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন ভারতের গুরুত্বপূর্ণ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৪৪ ওভারে ৬১ রানে নিয়েছেন ৭ উইকেট।

শুধু তা-ই নয়, দুই ইনিংসেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং, যা নিউজিল্যান্ডের বেশ কাজে দিয়েছে। আর এই পারফরম্যান্সের কারণে জেমিসন জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

এমন পারফরম্যান্সের পর জেমিসনকে প্রশংসায় ভাসালেন শচীন টেন্ডুলকার।

শচীন টেন্ডুলকার।
ছবি: এএফপি

জেমিসন ভবিষ্যতে অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠবেন বলেই বিশ্বাস ভারতীয় ব্যাটিং কিংবদন্তির।

‘কাইল জেমিসন দারুণ ক্রিকেটার। আগামী কয়েক বছরের মধ্যে সে অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠবে’—টেন্ডুলকারের ভবিষ্যদ্বাণী।

জেমিসনের খেলা দেখে মুগ্ধ টেন্ডুলকার, ‘আমি ওর খেলা গত বছরই দেখেছিলাম। আমার খুব ভালো লেগেছিল ওর খেলা। যেহেতু কাইল দীর্ঘদেহী একজন ক্রিকেটার, ও যখন বল করে, লম্বা হওয়ার একটা সাহায্য পায়। তা ছাড়া ওর হাতে দারুণ সুইং আছে। দারুণ ইনসুইং করে। খুব নিখুঁত বোলিং করে সে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছে।’

জেমিসন দুই ইনিংসেই ফিরিয়েছেন কোহলিকে।
ছবি: এএফপি

জেমিসনের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন টেন্ডুলকার, ‘ব্যাট হাতে উইলিয়ামসনের সঙ্গে জেমিসনের জুটিটা খুব ভালো ছিল। উইকেট থেকে বেরিয়ে এসে সে ব্যাট করছিল। এভাবে রান করায় নিউজিল্যান্ডের কাজে দিয়েছে এটা।’

আইপিএলে বিরাট কোহলি ও জেমিসন একই সঙ্গে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি)। কিন্তু আইপিএল দলের সতীর্থ হলেও বিরাট কোহলিকে দুই ইনিংসে আউট করেছেন জেমিসন। শেষ পর্যন্ত কোহলিও জেমিসনের কাছে হারটা মেনে নিয়েছেন।

আগামী কয়েক বছরের মধ্যে সে অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠবে
জেমিসনকে নিয়ে শচীন টেন্ডুলকার

একই দলে খেলাটা এই ম্যাচ জিততে বেশ কাজে দিয়েছিল জেমিসনের। ম্যাচ শেষে সেদিন তাই তো জেমিসন বলেছিলেন, ‘বিরাট একজন বিশ্বমানের ব্যাটসম্যান। আইপিএলে আরসিবির হয়ে খেলেছি। তাই ওর বিপক্ষে নেটে বল করেছি। সেই অভিজ্ঞতাটা বেশ কাজে দিয়েছে। আসলে টেস্ট ম্যাচে দুবার ওর উইকেট তুলে নেওয়াটা দারুণ ব্যাপার। তবে আমার দলের বাকি বোলাররাও আমাকে উইকেট পেতে সাহায্য করেছে।’