জেল হতে পারে কেয়ার্নসের
একসময় বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন ছিলেন। কিন্তু নিয়তি সেই ক্রিস কেয়ার্নসকেই এখন কোথায় নিয়ে এসেছে! ম্যাচ ফিক্সিংয়ে তাঁর নাম জড়িয়েছে। ইংল্যান্ডে এ নিয়ে তদন্তও চলছে। মামলার খরচ জোগাতে কেয়ার্নস গ্যারেজ ধোয়ার কাজ করছেন, এটা জেনেও আবেগাপ্লুত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডারের জীবনে দুর্ভোগ বোধ হয় এখানেই শেষ নয়। এবার ইংল্যান্ডের একটি আদালতে শপথ নিয়ে মিথ্যা বলার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
২০১২ সালে লন্ডন হাইকোর্টে আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদির বিরুদ্ধে মানহানির এক মামলায় তিনি এ মিথ্যা হলফনামা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় কেয়ার্নসের পক্ষে রায় দিয়েছিলেন আদালত, ক্ষতিপূরণ দিতে হয়েছিল মোদিকে। তবে এখন যদি শপথভঙ্গের এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে উল্টো কেয়ার্নসকেই সাত বছরের জন্য জেলে যেতে হবে!
আগামী ২ অক্টোবর ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট আদালতে নিজের বক্তব্যসহ প্রাথমিক শুনানিতে অংশ নেবেন কেয়ার্নস। ক্রিকইনফো।