
সর্বশেষ অ্যাশেজে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। সে ম্যাচে আরেকটি কাজও করেছিলেন ব্রড, ক্রিস রজার্সকে আউট করেছিলেন শূন্য রানে। তাতেই রজার্স বঞ্চিত হয়েছিলেন অনন্য এক রেকর্ড থেকে। টেস্ট ক্যারিয়ারে কখনো শূন্য রানে আউট না হওয়ার রেকর্ডটি সেদিন হাতছাড়া হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনারের। অ্যাশেজের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন রজার্স। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ঠিকই চলেছে রজার্সের রানবন্যা। সেটিও থামল পরশু। পরশু কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে সমারসেটকে জিতিয়েছেন রজার্স। এরপরই জানিয়ে দিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন তিনি। ফলে দারুণ এক রেকর্ডও করে ফেললেন তিনি। তাঁর আগে ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন মাত্র দুজন। প্রথম ঘটনাটির বয়স প্রায় ২০০ বছর হতে চলল। ১৮১৭ সালে এপসমের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন সাসেক্সের উইলিয়াম ল্যামবার্ট। এই ইংলিশ ব্যাটসম্যান দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন সে ম্যাচে। ওয়েস্ট ইন্ডিয়ান লেন বাইচানও এই কীর্তি গড়েছেন ১৯৮৩ সালে।
শেষপ্রথমশ্রেণিরম্যাচেজোড়াসেঞ্চুরি
ম্যাচ ভেন্যু সাল
১০৭* ও ১৫৭ উইলিয়াম ল্যামবার্ট সাসেক্স-এপসম লর্ডস ১৮১৭
১৩২ ও ১০১* লেন বাইচান বারবিচ-ডেমেরারা গায়ানা ১৯৮৩
১৩২ ও ১০০* ক্রিস রজার্স সমারসেট-নটিংহামশায়ার টন্টন ২০১৬