
লক্ষ্য ৩৪৯। সন্দেহ নেই, বিশাল। কিন্তু টি-টোয়েন্টির এই যুগে এটাও সামর্থ্যের মধ্যে এসে গেছে। তার ওপর ৩৭.২ ওভারেই ভারত ১ উইকেটে ২৭৭ রান করে ফেলেছে, দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি! হাতে ৯ উইকেট, দরকার ৭৬ বলে ৭২ রান। ক্রিজে দুই সেঞ্চুরিয়ান বিরাট কোহলি ও শিখর ধাওয়ান।
ভারতের তো হেসেখেলেই জেতার কথা। কিন্তু নাটক যে তখনো বাকি! ৩৭.৩ থেকে ৩৯.১—এই ১১ বলেই নাটক হলো। দুই সেঞ্চুরিয়ানের সঙ্গে আউট হয়ে গেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। ম্যাচটাও হয়তো সেখানেই ভারতের হাত থেকে ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া।
তবে ভারত নাটকে নতুন রং দিতে পারে কি না—এরপর এটাই ছিল দেখার। পারল না ভারত, ৪ বল বাকি থাকতেই ৩২৩ রানে অলআউট হয়ে ম্যাচ হারল ২৫ রানে। আগের তিন ম্যাচের প্রতিটিতেই একটি সেঞ্চুরি ছিল ভারতের, জয় পায়নি। কাল ক্যানবেরার মানুকা ওভালে চতুর্থ ওয়ানডেতে দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি করার পরও হারের বৃত্ত ভাঙতে পারল না ধোনির দল। অ্যারন ফিঞ্চের সেঞ্চুরির পর কেন রিচার্ডসনের ক্যারিয়ার-সেরা বোলিং পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে দিল অস্ট্রেলিয়াকে।
রিচার্ডসনের ঘুরে দাঁড়ানো স্পেলটা ছিল দুর্দান্ত। চার ওভারের দ্বিতীয় স্পেলে মাত্র ১৬ রানে কোহলিসহ ভারতের চার উইকেট তুলে নিয়েছেন এই পেসার। অথচ প্রথম ছয় ওভারে ৫২ রান দিয়ে পেয়েছিলেন শুধু রোহিত শর্মার উইকেটটি।
তবে রিচার্ডসনের বোলিং নয়, ভারত তো হারল ব্যাটসম্যানদের অবিমৃশ্যকারিতায়। ৯২ বলে ১০৬ রান করা কোহলি যে শট খেলে আউট হলেন, সেটি একজন সেট ব্যাটসম্যানের জন্য রীতিমতো অপরাধের পর্যায়ে পড়ে। অবশ্য এর আগেই ইতিহাসের মানুষ হয়ে গেছেন কোহলি। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২৫ সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। মানুকা ওভালে কাল ছিল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ১০৬ নম্বর ইনিংস, ২৫টি সেঞ্চুরি করতে টেন্ডুলকারকে খেলতে হয়েছিল ২৩৪ ইনিংস। হারা ম্যাচে এটাই হয়তো কোহলির একমাত্র প্রাপ্তি!
অধিনায়ক ধোনি অবশ্য হারের দায় নিয়েছেন নিজের কাঁধেই, ‘আমি ক্ষুব্ধ নই, তবে হতাশ। আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। আমি দায় নিচ্ছি। আমার উইকেটে থাকা উচিত ছিল, কিন্তু আউট হয়ে গেলাম। নতুনদের ওপর অনেক চাপ পড়েছে।’
দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভিতটা ভালোই পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় সন্তানের মুখ দেখেই মাঠে ফেরা ডেভিড ওয়ার্নার ৯২ বলে করেছেন ৯৩। ওয়ার্নার সেঞ্চুরি না পেলেও তাঁর ওপেনিং সঙ্গী অ্যারন ফিঞ্চ ১০৭ বলে খেলেছেন ১০৭ রানের ঝলমলে ইনিংস। এই ভিতের ওপর দাঁড়িয়েই শেষ দিকে রীতিমতো ঝড় তুলেছিলেন ম্যাক্সওয়েল-স্মিথরা। চারে নেমে স্মিথ ২৯ বলে করেছেন ফিফটি, পাঁচে নেমে ম্যাক্সওয়েল ২০ বলে ৪১! সূত্র: স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৪৮/৮ (ওয়ার্নার ৯৩, ফিঞ্চ ১০৭, মার্শ ৩৩, স্মিথ ৫১, ম্যাক্সওয়েল ৪১; ইশান্ত ৪/৭৭, যাদব ৩/৬৭)
ভারত: ৪৯.২ ওভারে ৩২৩/১০ (রোহিত ৪১, ধাওয়ান ১২৬, কোহলি ১০৬; রিচার্ডসন ৫/৬৮, হ্যাস্টিংস ২/৫০, মিচেল মার্শ ২/৫৫)
ফল: অস্ট্রেলিয়া ২৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: কেন রিচার্ডসন