জোড়া সেঞ্চুরির পরও ৫ রানের দুঃখ

শেষ ৬ ওভারে রান দরকার ৫০, হাতে ৮ উইকেট। দুই ব্যাটসম্যান সাইফ হাসান ও সালমান হোসেন এর মধ্যেই সেঞ্চুরি করে ফেলেছেন। ক্রিকেট কোচিং স্কুলের ম্যাচটা জেতার চেয়ে হেরে যাওয়াটাই ছিল কঠিন। কিন্তু সহজ কাজটাই করতে পারল না প্রিমিয়ার লিগে তারুণ্যের প্রতীক হয়ে ওঠা দলটি, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে হেরে গেল ৫ রানে। চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের কাছে অভিজ্ঞতার দিক দিয়েই মার খেয়ে গেল অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের দল হিসেবে পরিচিতি পাওয়া সিসিএস।
বিকেসপিতে আজ প্রাইম ব্যাংকের ছুড়ে দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করে ১৩ রানেই ফিরে যান সিসিএসের দুই ওপেনার উত্তম সরকার ও পিনাক ঘোষ। এরপর সাইফ ও সালমান মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৯৫ রান। কিন্তু হাতে উইকেট থাকার পরও শেষ দিকে আস্কিং রেটের সঙ্গে আর পাল্লা দিতে পারেনি সিসিএস। তারপরও সালমান সিসিএসের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। শেষ ওভারে যখন ১৫ রান দরকার, প্রথম বলেই ছয় মেরে সিসিএসকে জয়ের কাছে নিয়েও গিয়েছিলেন। কিন্তু ওই ওভারের চতুর্থ বলে সালমান আউট হয়ে যান। সিসিএসও শেষ ৫ বল থেকে নিতে পারে মাত্র ৩ রান।
শুরুতে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংককে পথ দেখিয়েছেন তাইবুর রফমান ও ইয়াসির আলী। ৯৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর ষষ্ঠ উইকেটে দুজন যোগ করেছেন ১০৬ রান। তাইবুর করেছেন ৭৬, ইয়াসির ৫৩।
দিনের বাকি দুটি ম্যাচও বেশ জমজমাট হয়েছে। শেষ বলের ছক্কায় আবাহনীকে হারিয়েছে শেখ জামাল। শেষ তিন বলে টানা তিন রান আউটে সহজ জয়টাও পায়নি কলাবাগান ক্রীড়াচক্র, ৪ রানে হেরেছে প্রাইম দোলেশ্বরের কাছে।