জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে উঠে চাকরি ছেড়েছেন বাংলাদেশের ফিজিও

জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে উঠেছিলেন জুলিয়ানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন দলের ফিজি জুলিয়ান ক্যালেফাতো। নিজের ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি চাকরি ছাড়ার কথা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে নিজের বার্তায় চাকরি ছাড়ার কারণ হিসেবে বলেছেন জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে যাওয়ার কথা। সেই সঙ্গে জানিয়েছেন করোনা পরীক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার কথাও, ‘আমার ইনিংসটি শেষ হলো। বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আমি সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অতিমারির এই সময় আন্তর্জাতিক ভ্রমণে আমাদের সঙ্গী জৈব সুরক্ষাবলয়ের জীবন। কোয়ারেন্টিনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা ছিল সব সময়ই কঠিন। এটি একটি বিরাট চ্যালেঞ্জ। গত ১৮ মাসে ১০০’র বেশিবার আমি করোনা পরীক্ষা করিয়েছি। এটা করতে করতে আমার নাকে এখনো ব্যথা।’

চাকরি ছাড়লেন বাধ্য হয়েই
ছবি: প্রথম আলো

বাংলাদেশ দলে বন্ধুদের কথাও বলেছেন তিনি, ‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। এমন একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য। বাংলাদেশ দলে আমার সঙ্গীদের সঙ্গেও তৈরি হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’

বাংলাদেশ দলে ফিজিও হিসেবে চাকরির এই সময়টা দলের কিছু অর্জনকে নিজের অর্জনও বলেছেন তিনি, ‘আমি বাংলাদেশ দলের ফিজিও থাকাকালীন কিছু অর্জন আছে আমার। ভারতে দিনরাতের টেস্টে গ্যালারিভর্তি দর্শকের সামনে দলের খেলার কথাটা মনে পড়ছে। সে খেলায় গ্যালারির দর্শকের চিৎকার এখনো আমার মাথায় ঘোরে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জয়—এটাও ভীষণ গর্বের।’

এদিকে ফিজিও জুলিয়ানের চাকরি ছাড়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান। পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজই ছিল বাংলাদেশের দলের সঙ্গে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট।