জো রুটের ‘তিন জীবনের’ শতক
বার্বাডোজ বিমানবন্দর থেকে বের হওয়ার পথে প্রথম যে দুটি পোস্টার চোখে পড়বে, তা গ্যারি সোবার্স ও রিয়ানার। একটু ভাবুন, এ দুটি পোস্টার কারও মগজ ও মননে কী বার্তা দেবে—বার্বাডোজ ক্রিকেট ও বিনোদনের জায়গা! কাল বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে যাওয়া দর্শক-সমর্থকদের দুটিই একসঙ্গে উপহার দিলেন দুই ইংলিশ ব্যাটসম্যান জো রুট ও ড্যান লরেন্স। তাঁদের দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েই ব্রিজটাউন টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অ্যালেক্স লিসের সঙ্গে জুটি গড়ে শুরুর এ ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন রুট। কিন্তু দলের ৮০ রানে ফিরে যান লিসও। রুট এরপর জুটি বাঁধেন লরেন্সের সঙ্গে। উপভোগ্য ক্রিকেট উপহার দিয়ে চতুর্থ উইকেট জুটিতে ২৬৯ বলে ১৬৪ রান তোলেন তাঁরা। জুটিটি ভাঙে জেসন হোল্ডারের করা দিনের শেষ বলে লরেন্স ক্রেগ ৯১ রান করে ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ দিয়ে ফিরলে। রুট উইকেটে আছেন ২৪৬ বলে ১১৯ রান নিয়ে।
টেস্ট ক্যারিয়ারে রুটের এটি ২৫তম আর ২০২১ সালের শুরু থেকে ১৯ টেস্ট খেলে অষ্টম শতক। ওয়েস্ট ইন্ডিজ সফরে এই নিয়ে টানা দুই টেস্টে শতক করা রুটকে নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক, ‘গত সপ্তাহের শতকের পর আরও একটি ভালো শতক করেও অপরাজিত থাকায় সে নিশ্চয়ই খুশি। সে যে ছন্দ নিয়ে ব্যাটিং করে...সারা দিন বসে তার ব্যাটিং দেখাটা দারুণ এক ব্যাপার।’ ট্রেসকোথিক প্রশংসা করেছেন লরেন্সের ব্যাটিংয়েরও।
তবে দারুণ এই ব্যাপার হতে দেওয়ার পেছনে ওয়েস্ট ইন্ডিজের ঠিক সময়ে রিভিউ নিতে না পারা আর ফিল্ডারদেরও ভূমিকা আছে। রুট আউট হয়ে যেতে পারতেন ২৩ রানেই। জ্যাক ক্রলির উইকেট নেওয়া পেরমলের একটি বলে রুটের ব্যাটের কানা ছুঁয়েছিল। বলটি গ্লাভসবন্দীও করেছিলেন উইকেটকিপার জসুয়া ডা সিলভা। কিন্তু আম্পায়ার সেটিতে আঙুল তোলেননি আর ওয়েস্ট ইন্ডিয়ানরাও রিভিউ নেননি। পরে টেলিভিশন রিপ্লে দেখেও মনে হয়েছে বল লেগেছিল রুটের ব্যাটে।
৩৪ রানেও একবার ‘জীবন’ পান রুট। এবার কেমার রোচের বলে তাঁর ক্যাচ ফেলেন ডা সিলভা। এরপর ৮৭ রানে সহজ রুটকে রান আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন জন ক্যাম্পবেল। ‘জীবন’ পেয়েছেন লরেন্সও। ৭২ রানে জেডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু মাথাসমান উঁচুতে আসা ক্যাচটি নিতে পারেননি আলজারি জোসেফ। উল্টো তাঁর হাত ফসকে যাওয়া বল চলে যায় সীমানার বাইরে।