নো বলের ভূত মিরপুর মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাফিজকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস ছবি: শামসুল হক
হাফিজকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস ছবি: শামসুল হক

একে দুর্ভাগ্য ছাড়া আর কীইবা বল যায়! আরও একবার নো বলের খড়গে কাটা পড়ল বাংলাদেশের উল্লাস। উইকেট নেওয়ার উল্লাস। মোহাম্মদ শহীদের বলে আজহার আলী স্লিপে ক্যাচ দিলেও বেঁচে গিয়েছিলেন ওভার স্টেপিংয়ের বদান্যতায়। সেঞ্চুরির কাছাকাছি দাঁড়িয়ে থাকা আজহারের সৌভাগ্য যখন বাংলাদেশকে দাঁত খিঁচিয়ে যাচ্ছে ঠিক তখনই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার ইউনিস খানকে সাকিবের ক্যাচে পরিণত করার পর সৌম্য দেখলেন ওভার স্টেপিংয়ের ভূত চেপে বসেছে তাঁর ঘাড়েও। আক্ষেপে মাথা নাড়া ছাড়া তখন আর কিছুই করার নেই কারও।
আজহার আলী আর ইউনিস খানের যুগল রীতিমতো ভয় দেখাচ্ছে বাংলাদেশকে। জুটিটা এখনো অবিচ্ছিন্ন ১৫৬ রানে। আজহার অপরাজিত ৮৮ রানে, ইউনিস ৯৫ রানে। দ্বিতীয় সেশনে এই দুই ব্যাটসম্যান রান তুলেছেন দারুণ গতিতে। এই সেশনে ৩১ ওভার থেকে এই যুগল স্কোরবোর্ডে জমা করেন ১২৬ রান। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে যে চাপটা বুকে চেপে বসেছিল পাকিস্তানিদের, আজহার-ইউনিস দারুণ ব্যাটিংশৈলীতে সেই চাপটাই ঠেলে দিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর। এমনিতেই শাহাদাতের চোট অস্থির করে তুলেছে অধিনায়ক মুশফিকুর রহিমকে। টেস্ট ম্যাচে একজন বিশেষজ্ঞ বোলারের অনুপস্থিতি কিন্তু হেলাফেলার বিষয় নয়।
এই মুহূর্তে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২১৮ (৬৬ ওভার শেষে)।