জোর করে বাদ দেওয়া হয়েছে শেহজাদকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোর করে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন শেহজাদ। ছবি: এএফপি
জোর করে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন শেহজাদ। ছবি: এএফপি
হাঁটুর চোটের কারণে আফগানিস্তানের বিশ্বকাপ দল থেকে ছেঁটে ফেলা হয়েছে উইকেটরক্ষক–ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদকে। আগামীকালই দেশে ফেরার কথা তাঁর। দেশে ফেরার আগে শেহজাদ অভিযোগ তুলেছেন, চোট-টোট সব ফালতু; জোর করে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দিকে রীতিমতো বোমাই ছুড়েছেন মোহাম্মদ শেহজাদ। বোমাটি তিনি ছুড়েছেন এমন একটা সময়, যখন সবাই জানে, হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ ‘শেষ’ হয়ে গেছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। রীতিমতো কাঁদতে কাঁদতেই তিনি জানিয়েছেন, চোট নয়, আফগানিস্তান বোর্ড তাঁকে জোর করে দল থেকে বাদ দিয়েছে।

শুক্রবারই শেহজাদের হাঁটুর চোটের সংবাদ আসে। তখনই জানা গিয়েছিল চোটের প্রকোপ এতটাই যে তিনি এবারের বিশ্বকাপে আর খেলতে পারবেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচে তাই ছিলেন না। কিন্তু আফগান গণমাধ্যমের কাছে শেহজাদ অভিযোগ করেছেন, এই বাদ পড়াটা আফগান ক্রিকেট বোর্ডের ইচ্ছাতেই। হাঁটুর চোটটা কেবল অজুহাত হিসেবেই সামনে আনা হয়েছে।

শেহজাদের কান্নার একটি ছবি দিয়ে আফগানিস্তানের এক সাংবাদিক টুইট করেছেন। শেহজাদের উক্তিও ব্যবহার করেছেন সেই সাংবাদিক তাঁর টুইটে। সেখানে আফগান তারকা বলেছেন, ‘আমার কোনো চোট সমস্যা নেই, পুরোপুরি সুস্থ। কিন্তু কোনো আলোচনা ছাড়াই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা আমাকে জোর করে দল থেকে বাদ দিয়েছেন।’

২০১৫ সালের পর আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ৩১ বছর বয়সী শেহজাদ। শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পেছনেও বড় ভরো তিনি। যদিও এবারের বিশ্বকাপের দুই ম্যাচ মোটেও ভালো খেলেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ডাক’, আর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৭ রান করে আউট হয়েছেন এই ব্যাটসম্যান। তবে মারকুটে ব্যাটসম্যান হিসেবেই ক্রিকেট দুনিয়ায় পরিচিত শেহজাদ। নিজের দিনে প্রতিপক্ষের বোলারদের কাঁদিয়ে ছাড়তে পারেন তিনি।

তবে সে সুযোগটাই তো পেলেন না তিনি। শুক্রবার আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, হাঁটুর চোটে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শেষ হয়ে গিয়েছে শেহজাদের। স্বাভাবিকভাবে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষেও মাঠে ছিলেন না তিনি। কিন্তু আফগান গণমাধ্যমের কাছে শেহজাদ অভিযোগ তুলেছেন, চোট নয়, জোর করেই দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

পুরো ব্যাপার নিয়ে এখনো মুখ খোলেনি আফগান ক্রিকেট বোর্ড। তবে জল যে অনেক দূর গড়াবে, তা আন্দাজ করাই যাচ্ছে। আর মাঠে তো আফগানিস্তান ধুঁকছেই। টানা তিন ম্যাচে হেরেছে দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে যাওয়া দেশটি।