জোহানেসবার্গেও 'বৃষ্টি', তবে চার-ছক্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪১ বলে ৭৯ রান ডু প্লেসির। ছবি: রয়টার্স।
৪১ বলে ৭৯ রান ডু প্লেসির। ছবি: রয়টার্স।

মিরপুরের বৃষ্টি একদমই মন খারাপ করে দিয়েছে। বাংলাদেশ-ভারত এশিয়া কাপের ফাইনাল কতটা কী হবে এ নিয়ে সংশয় বাড়িয়ে দিয়েছে। কিন্তু একই সময়ে জোহানেসবার্গেও হয়ে গেল বৃষ্টি। তবে এ ‘বৃষ্টি’ বরং ক্রিকেটামোদী দর্শকদের মন ভালো করে দিয়েছে। এ যে চার-ছয়ের বৃষ্টি, টি-টোয়েন্টি ক্রিকেটে প্রাণের সঞ্চার করা বৃষ্টি!
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন চার-ছয় বৃষ্টিতে ভেসে ২০৪ রানের বিশাল স্কোর গড়েছে দক্ষিণ আফ্রিকা।
পুরো ইনিংসে ১৭টি চার, ১১টি ছক্কা! দক্ষিণ আফ্রিকা শুধু ৭০টি রানই নিয়েছে দৌড়াদৌড়ি করে। চার-ছয়ের মিছিলে সবচেয়ে জোরালো স্লোগানটা অধিনায়ক ফাফ ডু প্লেসির। ৪১ বলে ৭৯ করেছেন তিনি, যাতে চার ও ছয় সমান ৫টি করে। বড় অবদান ওপেনার কুইন্টন ডি কক ও মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলারেরও। ডি কক ৪৪ রান করেছেন ২৮ বলে, আর ‘কিলার মিলার’ আরেকবার খুন করেছেন অস্ট্রেলিয়ান বোলারদের। ২ ছয়, ২ চারে ১৮ বলে করেছেন ৩৩ রান! তবে সমর্থকদের একটাই হতাশা থাকতে পারে, গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া এবি ডি
ভিলিয়ার্স আজও আউট হয়ে গেছেন মাত্র ৯ বলে ১৩ রান করে। 

ঝড়টা পুরো ইনিংসজুড়েই চলেছে। তবে গতিটা সবচেয়ে বেশি ছিল শেষ ওভারেই। শেষ ছয় বলে এসেছে ২৬ রান। প্রথম চার বলেই দুই চার, দুই ছয় মেরেছিলেন ফাফ ডু প্লেসি। পঞ্চম বলে তিনি আউট হয়ে গেলেও পরের বলেই আবার ছক্কা মেরেছেন ওয়েইস।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতেছিল প্রোটিয়ারা। আজ জিতলে সিরিজটাও জিতে যাবে ডি ভিলিয়ার্সের দল। সূত্র: ক্রিকইনফো।