জোড়া চশমার পর বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় জুটির পথে এগিয়ে যাচ্ছেন কেন উইলিয়ামসন ও রস টেলর। ছবি: এএফপি
বড় জুটির পথে এগিয়ে যাচ্ছেন কেন উইলিয়ামসন ও রস টেলর। ছবি: এএফপি

পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ড। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলে এগিয়ে যাবে আরও এক পা। সে মিশনে নেমে শুরুতেই দুই ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মানরো বিদায় নিয়েছেন। দুজনই প্রথম বলেই আউট!

মহা বিপদেই পড়ে গিয়েছিল কিউইরা। সে ধাক্কা সামাল দিয়েছেন কেন উইলিয়ামসন ও রস টেলর। শুরুতে ধীরে সুস্থে এগোলেও এখন দ্রুত রান তুলছেন দুজন। দুজনের ব্যাটে তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি ফিরে পেয়েছে কিউই সমর্থকেরা। ৩০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৪৪ রান।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেওয়াটা যে ভুল হয়নি, প্রথম ওভারেই প্রমাণ করে দেন শেলডন কটরেল। স্কোর বোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই কটরেলে বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ওপেনার গাপটিল। অন্য ওপেনার মানরোকেও রানের খাতা খুলতে দেননি কটরেল। দলীয় ৭ রানের সময় বোল্ড করে মানরোকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।

৭ রানে ২ উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু এর পরে উইকেটে থিতু হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন উইলিয়ামসন ও টেলর। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ৬০ রানে টেলর ও ৭৯ রানে অপরাজিত আছেন উইলিয়ামসন।

এই ম্যাচে নিউজিল্যান্ড হেরে গেলেও বিশ্বকাপ ক্রিকেট সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে তারা। কিন্তু শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের কোনো বিকল্প নেই।