গ্যাবায় প্রথম ইনিংসে করেছিলেন ১৬৩, দ্বিতীয় ইনিংসে ১১৬। টেস্টে এ নিয়ে তৃতীয়বার দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, যেটি তাঁকে জায়গা করে দিয়েছে অভিজাত এক ক্লাবে। তিনবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান ওয়ার্নার। তাঁর আগে এ কীর্তি ছিল শুধু সুনীল গাভাস্কার ও রিকি পন্টিংয়ের। ব্রিসবেনের আগে ওয়ার্নার দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন গত বছর ডিসেম্বরে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ও মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পন্টিং যে তিনবার দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তার একটি এই ব্রিসবেনেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (২০০৫ সালে)। অন্য দুবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০০৬ সালে সিডনি ও ডারবানে। গাভাস্কার দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ১৯৭১ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৯৭৮ সালে করাচি পাকিস্তানের বিপক্ষে, একই বছর ইডেন গার্ডেনে প্রতিপক্ষ আবার ওয়েস্ট ইন্ডিজ।