জোড়া 'আঘাত' সামলে উঠছে নিউজিল্যান্ড

জোড়া আঘাত ব্যাপারটি আগে ব্যাখ্যা করা দরকার। স্কোরবোর্ড বলছে, ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের উইকেট পড়েছে একটি। নিজের প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারেই কিউই ওপেনার টম ল্যাথামকে এলবিডব্লু করেছেন মোস্তাফিজুর রহমান। এত গেল একটি উইকেটের কথা, তবু জোড়া আঘাত বলা হচ্ছে, কারণ আরেক ওপেনার মার্টিন গাপটিলও ফিরে গেছেন প্যাভিলিয়নে। আউট নয়, ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় মাঠ ছেড়ে গেছেন তিনি।
দ্বিতীয় ওভারে ল্যাথামের উইকেটের পর তৃতীয় ওভারের চতুর্থ বলে গাপটিলের অবসর—ইনিংসের শুরুতেই এই জোড়া ‘আঘাত’ অবশ্য সামলে উঠছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ১০১ রান। অধিনায়ক কেন উইলিয়ামসন অপরাজিত আছেন ৪৯ রানে। তাঁর সঙ্গী নিল ব্রুম, তাঁর রান ৩৬।
ব্রুম যে ক্রিজে এখনো আছেন, এ জন্য ইমরুল কায়েসকে তিনি একটা ধন্যবাদ দিতে পারেন। ইনিংসের চতুর্থ ওভারেই মোস্তাফিজের বল ব্রুমের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে। কিন্তু সহজ ওই ক্যাচটাই ধরতে পারেননি ইমরুল। ব্রুম তখন আউট হলে, কে জানে, হয়তো এখন অনেক বেশি চাপে থাকত নিউজিল্যান্ড।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজই সবচেয়ে ভালো বোলিং করেছেন। উইকেট পেয়েছেন বলেই নয়, ৫ ওভারে মোস্তাফিজ দিয়েছেন মাত্র ১৩ রান। অধিনায়ক মাশরাফি ৪ ওভার বল করেছেন, রান দিয়েছেন ১৭। তাসকিনের ৪ ওভারে এসেছে ১৯ রান। সাকিব অবশ্য অনেক খরচে বোলিং করছেন আজ, ৪ ওভারে রান দিয়েছেন ৩০। আর তানবিরের ২ ওভার থেকে এসেছে ২০ রান।