জোড়ায়-জোড়ায় আউট বাংলাদেশের আরেক দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনবার জোড়ায়-জোড়ায় আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের কৃতিত্ব তো আছেই। তবে সমস্যাটা বাংলাদেশের জন্য নতুন নয়।
সৌম্য ক্যাচ দিয়ে ফেরার পরের বলেই বুমরার বলে বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: এএফপি
সৌম্য ক্যাচ দিয়ে ফেরার পরের বলেই বুমরার বলে বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: এএফপি

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারতে চান! এ কথা আগেই বলে রেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। হারতে চাওয়ার কারণ সম্পর্কে দিয়েছিলেন দুটি যুক্তি। প্রথমত, হারলে নিজেদের ভুলগুলো খুব ভালোভাবে চোখে পড়ে, আসল ম্যাচের আগে যেটা শুধরে নেওয়া যায়। দ্বিতীয়ত, মানসিক জড়তা কেটে যায়। আরেকভাবে বললে, ‘কুফা’ কেটে যায়!

গতকাল ভারতের বিপক্ষে হারায় মাশরাফির সে ‘আশা’ কিছুটা পূরণ হয়েছে বলাই যায়। মাশরাফির সঙ্গে তাল মিলিয়ে বললে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই ‘কুফা’ কেটে গিয়েছে। দ্বিতীয়ত, বের হয়েছে দলের ভুলত্রুটি। গতকাল সোফিয়া গার্ডেনে বাংলাদেশের হয়ে ফোটা ফুল বলতে মুশফিকের ব্যাটে ৯০, লিটন দাসের ৭৩ ও সাইফউদ্দিনের ফুল লেংথ বলে কোহলির স্ট্যাম্প উড়ে যাওয়া। শুরুতে পেসারদের দারুণ দাপট। এ ছাড়া সবকিছুই গেছে বাংলাদেশের বিপক্ষে। বিশেষ করে ব্যাটিংয়ে নেমে জোড়ায়-জোড়ায় উইকেট হারানো ছিল চোখের জন্য পীড়াদায়ক। দলের জন্য দুশ্চিন্তার।

জোড়ায়-জোড়ায় উইকেট হারানোর পেছনে ব্যাটসম্যানদের মানসিকতাকেই দায়ী করেছেন বাংলাদেশের এখনকার বড় তারকাদের অনেককেই শৈশব থেকে নির্মাণ করা নাজমুল আবেদিন ফাহিম।

তিনবার বাংলাদেশের উইকেট পড়েছে জোড়ায়-জোড়ায়। ৪৯ রানে দুটি, ১৬৯ রানে দুটি ও ২১৬ রানে দুটি। প্রথম জোড়া ধাক্কা সৌম্য সরকার ও সাকিব আল হাসানে। দ্বিতীয় জোড়া আঘাতের শিকার লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। তৃতীয় জোড়া আঘাত মুশফিক ও মোসাদ্দেক। এর মধ্যে সাকিবের উইকেট নিয়ে বলার কিছু থাকার নেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে পাওয়া চোট থেকে ফেরার পর সাকিব আল হাসানের ব্যাটিং অনুশীলনটা খুব দরকার ছিল। কিন্তু বুমরার দুর্দান্ত ইয়র্কারে সেটি আর হয়নি, সাকিব ফিরেছেন গোল্ডেন ডাকে।

বুমরার ওই বলে যে কেউ আউট হতে পারতেন বলে মনে করেন ক্রিকেট-গুরু নাজমুল আবেদিন, ‘সাকিব যে বলটায় আউট হয়েছে, সেটা দুর্দান্ত একটা বল ছিল। সে যে বলটাতে আউট হয়েছে, সে বলে যেকোনো ব্যাটসম্যানই আউট হতে পারত।’ কিন্তু সাকিব ছাড়া অন্যদের আউট হওয়ার পেছনে মানসিকতাকে দায়ী করেছেন তিনি।

বাংলাদেশের ইনিংসে হুল ফুটিয়েছেন দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহাল। দুজনেরই শিকার বাংলাদেশের ৬ ব্যাটসম্যান। চাহালের ফ্লাইট বুঝতে না পেরে লিটন স্টাম্পড ৭৩ রানে। মুশফিক ৯০ রানে বোল্ড কুলদীপের লেগ ব্রেকে আড়াআড়ি ব্যাট চালিয়ে। চাহাল-কুলদীপেরই শিকার মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ আর মোসাদ্দেক। মিঠুন তো চাহালের গুগলিটা বুঝতেই পারেননি। নাজমুল আবেদিনের অভিজ্ঞ চোখ বলছে, ‘সাকিবের উইকেটটা বাদ দিলে বাকিদের দেখে মনে হয়েছে, প্রথম বলটা মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতির কিছুটা অভাব ছিল। ওরা হয়তো ক্রিজে যাওয়ার আগে আগাম কিছু ভেবে রেখেছিল। যা উচিত হয়নি। মিঠুন যে বলটাতে আউট হয়েছে, সে মোটেই আশা করেনি ওরকম একটা গুগলি আসবে। সমস্যা তখনই হয়, যখন প্রথম বল খেলার আগেই ব্যাটসম্যানরা ঠিক করে ফেলে প্রথম শটটা কী খেলবে। কিন্তু বলটা তো আপনার পরিকল্পনা অনুযায়ী আসবে না। এর বাইরে অন্যভাবে বল এলে ব্যর্থ হওয়ার শঙ্কা জাগে। কোন শট খেলব এটা ঠিক করতে হবে ডেলিভারিটা দেখার পরই।’

বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা তো আছেই। সঙ্গে প্রতিপক্ষ বোলারদের কৃতিত্বও দিচ্ছেন বর্তমান জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার, ‘কিছুটা কৃতিত্ব প্রতিপক্ষেরও আছে। ওই সময়ে তারা ব্যাটসম্যানদের চমক দিতে পেরেছে। বোলার আগে থেকেই অনুমান করতে পেরেছিল ব্যাটসম্যান কী ভাবতে ভাবতে উইকেটে। ফলে সে তার উল্টোটা করে চমকে দিয়েছে।’