জ্বলে উঠেছেন জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানদের বিপক্ষে চলছে জয়াবর্ধনে-রাজত্ব ছবি: এএফপি
আফগানদের বিপক্ষে চলছে জয়াবর্ধনে-রাজত্ব ছবি: এএফপি

শুরুটা ভয়ংকরই না ছিল শ্রীলঙ্কার! আফগানিস্তানের বেধে দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য স্কোরবোর্ডেই উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেকে হারানোর ধাক্কা শরীরে নিতে হয় তাদের। সেই আঘাত সামলে উঠতে না উঠতেই আউট তিলকরত্নে দিলশান। ‘গোল্ডেন ডাকে’র শিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যানের পদাঙ্ক অনুসরণ করলেন দু’বার ‘জীবন’ পাওয়া কুমার সাঙ্গাকারাও। দ্বিমুথ করুণারত্নে যখন সাজঘরে ​ফিরলেন, তখন আফগানদের ২৩২ রানের সংগ্রহকে অনেক দূরের পথই মনে হচ্ছিল লঙ্কানদের কাছে। বিশ্বকাপে দারুণ এক অঘটন ঘটানোর স্বপ্নটাও আফগানরা দেখা শুরু করেছিল বেশ জোরের সঙ্গেই।
কিন্তু মাহেলা জয়াবর্ধনেদের মতো ব্যাটসম্যানরা যে জ্বলে ওঠেন দলের এমন বিপদের সময়েই। দলের বিপর্জয়ের মুখেও আস্থা নিয়ে খেলে চলেন এমন ব্যাটসম্যানরা। আজ আফগানিস্তানের বিপক্ষেও জয়াবর্ধনের ভেতর থেকে বেরিয়ে এসেছে ঠিক সে ধরনেরই প্রত্যয়দীপ্ত পারফরম্যান্স। এই মুহূর্তে ৮২ বলে ৭১ রান করে অপরাজিত আছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাথুস অপরাজিত আছেন ২৩ রানে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার সময়েই এই দু’জনের যুগলবন্দী স্কোরবোর্ডে যোগ করেছে অবিচ্ছিন্ন ৭৮ রান। ৩১ ওভার শেষে দলীয় সংগ্রহটাকেও নিয়ে গেছে ৪ উইকেটে ১২৯-এ। শুরুর বিপর্যয়টাকে এই মুহূর্তে শ্রীলঙ্কা দূরে ঠেলেছে অনেকখানিই। এই অবস্থায় দ্রুত দুই-একটি উইকেট হারিয়ে না বসলে লক্ষ্যমাত্রাকে খুব দূরের মনে হওয়ার কথা নয় শ্রীলঙ্কার। জয়ের জন্য বাকি ১৯ ওভার থেকে ১০২ রান তোলাটা বোধহয় খুব কঠিন কিছু হবে না।
চার উইকেট ফেলে দিয়েই উল্লাসে হাওয়ায় ভাসছিলেন আফগান ক্রিকেটাররা। তাঁরা কি জানতেন না জয়াবর্ধনের মতো খেলোয়াড়েরা এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদজনক? সূত্র: স্টারস্পোর্টস-৪