জ্বালিয়ে দেওয়ার হুমকি কাজে দিল আজমলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খারাপ সময়ের বৃত্তে আজমল। ছবি: এএফপি।
খারাপ সময়ের বৃত্তে আজমল। ছবি: এএফপি।

সময়টা বড্ড খারাপ যাচ্ছে সাঈদ আজমলের। বোলিং অ্যাকশন পরিবর্তন করে বল হাতে ‘ধার’ হারিয়েছেন। এবার ফয়সলাবাদে প্রচুর টাকা বিনিয়োগ করে তৈরি করা তাঁর ক্রিকেট একাডেমিও বন্ধ করে দেওয়া হয়েছিল। ধীরে ধীরে সবকিছু হারাতে থাকা আজমল মরিয়া হয়ে ঘোষণা দিয়েছিলেন, এভাবে তাঁকে সর্বস্বান্ত করা হলে নিজের ক্রিকেট সরঞ্জাম সব জ্বালিয়ে পুড়িয়ে দেবেন।

কদিন আগেও পাকিস্তানের সেরা বোলার ছিলেন। সেই আজমলের এই দশা! বিষয়টি নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমে বেশ আলোচনা হলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ হস্তক্ষেপ করেন। শাহবাজের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়েছে। আমজলও খুশি।

সমস্যা বেঁধেছিল ফয়সলাবাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইউএএফ) বরাদ্দ করা জমি নিয়ে। দুই বছর আগে নিজের শহরে ব্যক্তিগত ক্রিকেট একাডেমির জন্য আজমলকে কিছু জমি দান করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দাবি করেন, এই জমি নিয়ম মেনে বরাদ্দ করা হয়নি। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ‘নিরাপত্তা’র প্রশ্নে একাডেমিটাই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

নিরাপত্তার কারণ দেখানোয় চটে যান আজমল, ‘তারা নিরাপত্তার কারণ দেখিয়ে একাডেমিটি বন্ধ করেছে। যেন আমি সেখানে ক্রিকেটার নয়, বোমাবাজ তৈরি করছি। আমি এই একাডেমির পেছনে প্রচুর খরচ করেছি। আমার এই একাডেমি টাকা বানানোর জন্য নয়, আমার লক্ষ্য ক্রিকেটার তৈরি।’

আজমল জানান, একাডেমিতে প্রায় ৪০০ ছেলেমেয়ে ক্রিকেট প্রশিক্ষণ নিত। প্রশিক্ষণ নিত শারীরিকভাবে অসমর্থ উঠতি ক্রিকেটারাও। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আজমল এটিকে পুরোপুরি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছেন। অথচ তাঁকে জমি বরাদ্দ দেওয়াই হয়েছিল একাডেমিটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এই শর্তে।

অবশেষে দুই পক্ষ সমঝোতায় এল। আজমলের একাডেমির আর্থিক বিষয় দেখভাল করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আজমলও এই ব্যবস্থায় খুশি।