জ্যাক লিচ না সোফি একলস্টোন, কে সেরা
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে বল হাতে দুর্দান্ত ছিলেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলস্টোন ৩৬ রান দিয়ে নেন ৬ উইকেট। তাঁর স্পেল ইংল্যান্ডকে টানা দ্বিতীয়বারের মতো নিয়ে যায় বিশ্বকাপের ফাইনালে। শুধু সেমিফাইনালই নয়, গোটা বিশ্বকাপেই একলস্টোনের পারফরম্যান্স ছিল ভিন্ন মাত্রার।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে লিগপর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত ২০ উইকেট শিকার করেছেন একলস্টোন। এর মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে। ৪৬ ওয়ানডেতে এখনো পর্যন্ত ৭৫ উইকেট একলস্টোনের। ৪টি টেস্ট খেলে উইকেট ১৫টি। এর মধ্যে ব্রিস্টলে ২০২১ সালের জুনে ভারতের বিপক্ষে টেস্টে ৮ উইকেট আছে তাঁর।
ইংলিশ নারী ক্রিকেট তারকা অ্যালেক্স হার্টলি মনে করেন, একলস্টোন যে ধরনের স্পিনার, তাতে অনায়াসেই যেকোনো পর্যায়েই খেলতে পারেন। এমনকি ছেলেদের ক্রিকেটেও তিনি নিজের সেরাটাই দিতে পারবেন। দ্য টেলিগ্রাফে লেখা কলামে হার্টলি লিখেছেন, একলস্টোন ইংলিশ পুরুষ ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার জ্যাক লিচের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন সহজেই, ‘কয়েক দিন ধরে এ আলোচনাটা হচ্ছে। ধারাভাষ্যেও এমনটা বলা হচ্ছে। জ্যাক লিচ আর সোফি একলস্টোনের মধ্যে সেরা কে। এ ধরনের বিতর্ক প্রায়ই হয়। নারী ও পুরষ ক্রিকেটের মধ্যে তুলনা করাটা সঠিক না হলেও আমি সত্যি সত্যি বিশ্বাস করি, সোফি একলস্টোন পুরুষ ক্রিকেটেও নিজের সেরাটা দেওয়ার সামর্থ্য আছে। তাঁর মানসিকতা অন্য পর্যায়ের, এটা আমি দেখেছি।’
এ মুহূর্তে নারী ক্রিকেটে (ওয়ানডে) ১ নম্বর বোলার একলস্টোন। তাঁর উদ্যম তাঁকে অনেকের চেয়ে এগিয়ে রাখে বলেই মনে করেন হার্টলি, ‘তাঁর লড়াকু মানসিকতা, উদ্যম তাঁকে এগিয়ে রাখে অন্যদের চেয়ে। সে সব সময়ই সেরাদের সেরা হতে চায়। বিশ্বকাপের শুরুতেই আমি বলেছিলাম, সে এবারের আসরের সেরা বোলার হবে। সে তো এমনিতেই নারী ক্রিকেটে বিশ্বের সেরা বোলার। এখন অফিশিয়ালিই সে বিশ্বসেরা বোলার, বিশ্বকাপেও সে এরই মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি।’
আগামী ৩ এপ্রিল বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।