জ্যাকসনের ব্যাটিংয়ে রাসেলের ছায়া, কিপিংয়ে ধোনির
কলকাতা নাইট রাইডার্সের প্রথম দুই ম্যাচে উইকেটের পেছনে ভালোই করেছিলেন শেলডন জ্যাকসন। দুটি স্টাম্পিং ছাড়াও তিনটি ক্যাচ নিয়েছেন। কিন্তু ব্যাটিংয়ে ভালো করতে পারেননি।
এ কারণে শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে তাঁর জায়গায় বাড়তি পেসার শিভম মাভিকে খেলায় কলকাতা, কিপিংয়ের দায়িত্ব নেন ইংল্যান্ডের স্যাম বিলিংস। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের বিস্তর সমালোচনা করেছিলেন সমর্থকেরা।
এরপরই বোধ হয় টনক নড়েছে কলকাতার। জ্যাকসনের প্রশংসা করে কলকাতা কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানান, এবার আইপিএলে তাঁকে খেলার আরও সুযোগ দেওয়া হবে।
ভারতের ঘরোয়া লিগে সৌরাষ্ট্রের হয়ে তিনে ও চারে ব্যাট করেন জ্যাকসন। চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার প্রথম ম্যাচে ছয়ে নেমে বেশি বল খেলার সুযোগ পাননি, শ্রেয়াস আইয়ার ম্যাচ শেষ করায় ৩ রানে অপরাজিত ছিলেন জ্যাকসন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরের ম্যাচে সাতে নেমে ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। গুজরাট থেকে উঠে আসা এই ক্রিকেটার ভারতের ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত হার্ড হিটার। আইপিএলে প্রথম দুই ম্যাচে রান না পেলেও তাই জ্যাকসনে আস্থা রাখছেন ম্যাককালাম। বল পেটানোয় আন্দ্রে রাসেল এবং কিপিংয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জ্যাকসনের তুলনা করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
সংবাদমাধ্যমকে ম্যাককালাম বলেন, ‘সে কিপিংয়ে খুব দক্ষ। অনেকটাই এম এস ধোনির মতো, চটপটে হাত এবং স্পিনটাও ভালো বোঝে। বোলার কী করতে চায়, সেটা বুঝতে পারে। ভালো করার জন্য মুখিয়ে আছে।’
নাইটদের এই প্রধান কোচ মনে করেন, জ্যাকসন গত দুই বছরে নিজের খেলার উন্নতি ঘটিয়েছেন। তাঁর ব্যাটিং নিয়ে ম্যাককালামের মন্তব্য, ‘জ্যাকসন দিন দিন খুব ভালো হয়ে উঠছে। বয়স ৩৫ হলেও গত দুই বছরে সে দারুণ উন্নতি করেছে। বল ভালো মারতে পারে। এ কাজে খুব কম খেলোয়াড়েরই তুলনা চলে তার সঙ্গে। বল মারার ব্যাপারে আন্দ্রে রাসেলের সমান না হলেও অন্তত পিছিয়ে নেই। আরও সুযোগ দিলে সে পারফর্ম করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত।’
উইকেটের পেছনে স্যাম বিলিংস ও জ্যাকসনকে অদল-বদল করে খেলানো হবে কি না, সে বিষয়ে কলকাতা টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করে কিছু বলেনি। সব খেলোয়াড়কে পেলে জ্যাকসনের নিয়মিত দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে উঠতে পারে, যেহেতু দলে বিদেশি খেলোয়াড় খেলানোর কোটা সীমিত। ২০২০-২১ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ১৫১৪ রান করেন জ্যাকসন। ১২০.৭৩ স্ট্রাইক রেটে একটি শতকও তুলে নিয়েছিলেন।