জ্যোতিষী ম্যাকগ্রার প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিকার করতেন বল হাতে। কাবু করতেন কথায়। প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানটিকে টার্গেট করতেন কোনো সিরিজের আগে। প্রকাশ্যে জানিয়ে দিয়ে মনস্তাত্ত্বিক খেলা খেলতেন। ভবিষ্যদ্বাণী করতেন সিরিজের সম্ভাব্য ফল নিয়েও। ক্রিকেট ছাড়ার পরও সেই ভবিষ্যদ্বাণী করার ধারা ধরে রেখেছিলেন। তবে বন্ধ করে দেন একটা তিক্ত অভিজ্ঞতা থেকে। ২০১০-১১ অ্যাশেজের আগে বলেছিলেন ৫-০-তে জিতবে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে ওই অ্যাশেজ ইংল্যান্ড জিতেছিল ৩-১-এ। ওই ধাক্কার পর থেমে গিয়েছিলেন। তবে বিরতির পর আবার ফিরেছেন ‘জ্যোতিষী’ গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে ৪-০-তে হারবে ভারত।
ইংল্যান্ড সফরের পর অক্টোবরে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে ভারত। এরপর ৪ টেস্টের সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় সর্বশেষ সফরে ৪-০-তে হেরেছে ভারত। গত বছর ভারতে এসে আবার ৪-০-তে হেরেছে অস্ট্রেলিয়া। ম্যাকগ্রার মতে, ভারতের জন্য এবার তৈরি অস্ট্রেলিয়া, ‘আমি বলব না অস্ট্রেলিয়ার প্রতিশোধের সিরিজ। তবে ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে থাকবে অস্ট্রেলিয়া। ভারত সফরের পর এই দল অনেকটাই উন্নতি করেছে, দলের চেহারাই বদলে গেছে। ভারত এভাবে খেলতে থাকলে অস্ট্রেলিয়া ওদের ৪-০-তে হারিয়ে দেবে।’ এনডিটিভি।