জয় খুঁজছে জিম্বাবুয়ে

আগের দুই টেস্টের মতো এবার উইকেট নিয়ে অত আগ্রহ নেই। মাঠে ঢুকেই উইকেট দেখতে ছুটে গেলেন না জিম্বাবুয়ের কোচ-অধিনায়ক। সংবাদ সম্মেলনে আসার পথে হ্যামিল্টন মাসাকাদজা অবশ্য ঢাকনা তুলে একবার উঁকি দিলেন উইকেটে। ওই পর্যন্তই, ছুঁয়ে দেখা নয়, নয় টিপে টিপে দেখা। সম্ভাব্য কারণ হতে পারে দুটি। দলের ব্যাটিংয়ের এমন দুরবস্থা যে, উইকেট নিয়ে আর মাথা ঘামিয়ে কী হবে! অথবা উইকেট কেমন হতে পারে, সেই আন্দাজ এরই মধ্যে হয়ে গেছে জিম্বাবুইয়ানদের।
মাসাকাদজা সংবাদ সম্মেলন থেকে ফিরতেই মাঠেই এক দফা টিম মিটিং হয়ে গেল জিম্বাবুয়ের। গোল হয়ে দাঁড়িয়ে সবাই, কথা বললেন কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গো। হয়তো শোনাচ্ছিলেন অনুপ্রেরণার বাণী! উইকেট দেখার চেয়ে এটাই বুঝি এখন বেশি প্রয়োজন জিম্বাবুয়ের—অনুপ্রেরণা। এটাই যদি হয়, তবে অনুপ্রেরণার বড় একটা উৎসও আছে খুব কাছেই। ধ্বংসস্তূপ থেকে কীভাবে মাথা তুলে দাঁড়াতে হয়, মাসাকাদজাই তো দেখিয়েছেন সেটি।
প্রথম টেস্টে মাসাকাদজা করেছিলেন ১৩ ও ৫। রানসংখ্যার চেয়েও বেশি হতাশ ছিলেন নিজের আউট হওয়ার ধরন নিয়ে। দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান দুই ইনিংসেই আউট হয়েছিলেন বাজে শটে। পরে খেটেছেন, কাজ করেছেন নেটে। উইকেটে জাল বিছিয়ে স্পিন খেলার অনুশীলন করেছেন। সেটার ফল পেয়েছেন খুলনায়, দুই ইনিংসে ১৫৮ ও ৬১! রানসংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যেভাবে খেলেছেন। স্পিনে ছিলেন দারুণ স্বচ্ছন্দ।
দল তো শুধু একজন মাসাকাদজা নয়! তবে সতীর্থদের পথ দেখানোর কাজটা মাসাকাদজাই করেছেন। ২২ গজে যেমন, তেমনি ড্রেসিংরুমেও। চট্টগ্রামেও নিশ্চিতভাবেই স্পিনই জিম্বাবুয়ের সবচেয়ে বড় হুমকি। তবে এবার সেই চ্যালেঞ্জের জবাব তাঁর দল দিতে পারবে বলেই আশা মাসাকাদজার, ‘দেশে এবং এখানে এসে অনেকেই আমরা অনেক কিছু নিয়ে কাজ করেছি। মাঠে গিয়ে সেটা কেউ দেখাতে পারছে না, এটাই সমস্যা। ব্যাপারটা হলো নিজের ওপর বিশ্বাসের। আত্মবিশ্বাস রেখে, মাঠে নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে খেলে গেলে সফল হব আমরা। আমার বিশ্বাস, এই টেস্টে আমরা ঘুরে দাঁড়াব।’
ঘুরে দাঁড়ানো মানে অবশ্যই জয়। তবে জিতলেও তো আর টেস্ট সিরিজ জেতা বা বাঁচানোর উপায় নেই। নেই র্যাঙ্কিংয়ে অবনমন ঠেকানোর পথও। তার পরও জিম্বাবুয়ে জয়টা খুব করে চাইছে মূলত দুটি কারণে। তা খুলেও বললেন মাসাকাদজা, ‘একটা জয় আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিতে পারে। সেই আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে যেতে চাই আমরা। আর বাংলাদেশের মাটিতে জিতি না অনেক দিন হলো। জিততে পারলে তাই সেটা হবে স্পেশাল।’
কিন্তু ‘স্পেশাল’ কিছুর জন্য যে মরিয়া বাংলাদেশও, ৩-০ করার সুযোগ তো প্রতিদিন আসে না!