জয় ছাপিয়ে আছে অন্য প্রাপ্তিও
☀ তামিমের কাছে পুরস্কার নয়, প্রাপ্তিই মুখ্য।
☀ বাংলাদেশের তিন বোলারের ব্যাট থেকে এসেছে ৪৫ রান

যদি বলা হয়, এই ম্যাচটাতে বাংলাদেশের পাওয়ার খুব বেশি কিছু ছিল না, খুব কি ভুল বলা হবে?
ফাইনালে ওঠার কাজ আগেই সারা, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটি তো বাংলাদেশের জন্য ‘ফাইনালের প্রস্তুতি’। ভুলগুলো শুধরে নেওয়া, ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে পরিকল্পনাগুলো ঝালিয়ে নেওয়া...এই তো!
তবে যতই প্রস্তুতি বলা হোক, জয়ের আকাঙ্ক্ষা তো ছিলই। দর্শক হয়েছে মেরেকেটে হাজার পাঁচেক, তবু সেই হাজার দশেক চোখও ক্ষয়িষ্ণু এই জিম্বাবুয়ের বিপক্ষে জয় দেখার প্রস্তুতি নিয়েই ঢুকেছে মাঠে। পালাবদলের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষেও আগামীকাল দর্শকের প্রত্যাশা ভিন্ন কিছু হবে না। জয় এনে দেওয়াটা তো মাশরাফি-সাকিবদের জন্য ‘অবশ্যকর্তব্য’! জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়ে সেই কর্তব্যটাই পালন করলেন তাঁরা।
কিন্তু যদি বলা হয়, ৯১ রানের ব্যবধানটা ম্যাচের ঠিক সবটুকু বোঝাতে পারছে না, খুব কি ভুল বলা হবে? সম্ভবত নয়। হোক না প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ব্যাটিং-দুরূহ পিচটা ‘উপহার’ দিক না অসমান বাউন্স, তবু ২১৭ রানের লক্ষ্য এই টি-টোয়েন্টি যুগের ওয়ানডেতে এমন কী? সাকিব-মাশরাফি-মোস্তাফিজ-সানজামুলদের সৌজন্যে এখন ব্যাপারটাকে অমূলক মনে হতে পারে, তবে জিম্বাবুয়ের ইনিংস শুরু হওয়ার আগেই যদি কেউ হারের আশঙ্কা করে থাকেন, তাঁকে নৈরাশ্যবাদী বলার কোনো কারণ নেই।
একটু ভুল বলা হলো। জিম্বাবুয়ের ইনিংস তো অনেক পরে, আশঙ্কা হানা দিয়েছিল নিজেদের
ব্যাটিংয়ের সময়ই। মিডল অর্ডারে ছোটখাটো ধসের পর যখন মাশরাফিও ফিরে গেলেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে, দলের ১৭০ রানে।
এই ম্যাচের আসল প্রাপ্তিগুলোও এখানেই। একটি প্রাপ্তি, আগের দুই ম্যাচে হেসেখেলে জয়ের পর কালকের ম্যাচটা এসেছে পরীক্ষা হয়ে। তাতে লেটার মার্ক না পেলেও ভালোভাবে পাস করেছে বাংলাদেশ। আর দ্বিতীয় প্রাপ্তি? লোয়ার-অর্ডারের ব্যাটিং। সিরিজের আগে এই দিকটা নিয়ে কাজ করাটা সত্যিই কাজে লেগেছে। সানজামুল, মোস্তাফিজ আর রুবেল—বাংলাদেশের তিন ‘বোলার’-এর ব্যাট থেকে এসেছে ৪৫ রান। সেটি না হলে? পিচ যেমনই হোক, ২১৭-র বদলে ১৭০-৮০ তাড়া করতে জিম্বাবুয়ের মানসিকতাই থাকত অন্য রকম।
পিচ যে ব্যাটসম্যানদের জন্য ঠিক সুখকর কিছু নয়, তা সাকিব-তামিমের ১০৬ রানের জুটির সময়ই টের পাওয়া গেছে। ৬ রানেই এনামুলকে হারানোর পর পেসারদের ভালোই সামলেছেন তাঁরা। কিন্তু ১৩তম ওভার থেকে দুদিকেই স্পিন শুরু হতেই পিচ যেন হয়ে উঠল আরও রহস্যময়। কতটা, তা বোঝাতে একটা তথ্যই যথেষ্ট। মাঝখানে ৭৩ বলে একটা বাউন্ডারিও আসেনি। খরা কাটানো চার মেরেই সাকিবের ফিফটি।
সাকিব-তামিমের ব্যাটিংয়ের সবচেয়ে আলোকিত দিকও সম্ভবত এটি। ওই ৭৩ বল এবং এর আগে-পরের সময়টাতে ঝুঁকি না নেওয়া ব্যাটিং। প্রথম পাওয়ার-প্লে শেষ হওয়ার পর খেটেখুটে সিঙ্গেল নিয়ে গেছেন। তাতে ১১ থেকে ২৬—এই ১৬ ওভারে এসেছে মাত্র ৬৩ রান, কিন্তু উইকেটও পড়েনি।
পড়ল যখন, সেটি দেখাল দৃষ্টিকটু। ফিফটি করার পর দ্বিতীয় বলে সিকান্দার রাজাকে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড সাকিব। তিন বল পর ফিফটি পেয়েছেন তামিমও, টুর্নামেন্টে যা তাঁর টানা তৃতীয়। এর আগে ব্যক্তিগত ৪১ রানেই অবশ্য একটা ‘ছোট্ট’ কীর্তি গড়ে ফেলেছেন—কোনো নির্দিষ্ট মাঠে সবচেয়ে বেশি রানের কীর্তি। কালকের ৭৬ রান নিয়ে মিরপুরে তামিমের রান ২৫৪৯। পেরিয়ে গেছেন কলম্বোর প্রেমাদাসায় সনাৎ জয়াসুরিয়ার ২৫১৪ রানের রেকর্ড।
তা মিরপুরেই বেশি খেলেন তিনি। আর যেমন ফর্মে আছেন, তাতে রেকর্ডটা তামিমের হতেই পারে। ব্যক্তিগত ৬৬ রানে আরেকটা মাইলফলকও ছুঁয়েছেন বাঁহাতি ওপেনার। প্রথম বাংলাদেশি হিসেবে পৌঁছেছেন ৬ হাজার রানের মাইলফলকে, যাতে লাগল ১৭৫ ইনিংস।
সিরিজজুড়ে তামিম আর সাকিবের মধ্যে ‘কে কত রান করতে পারে’ সুস্থ প্রতিযোগিতা নিয়ে কথা হয়েছে অনেক। এদিনও দুজন পাল্লা দিয়ে ব্যাট করেছেন। তবে প্রতিদ্বন্দ্বিতাটা ভুল করে আউটের ধরনেও টেনে এনেছেন! সাকিব ফেরার পর মুশফিক-মাহমুদউল্লাহরাও খালি হাতে ফেরায় তামিমের ইনিংসটাকে যখন আরও গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, তিনিও সাকিবের মতো বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড। শুধু বোলারের নাম ভিন্ন, ক্রেমার। গুগলি-স্পিনে বিভ্রান্ত করে বাংলাদেশের মিডল অর্ডার ভেঙে দিয়েছেন এই ক্রেমারই। চার উইকেট নিয়ে ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক।
যে পিচে ক্রেমাররা বিভ্রান্ত করতে পারেন, সেটিতে বাংলাদেশের স্পিনাররা কি বসে থাকবেন নাকি! শুধু স্পিনার কেন? পেসাররাও তো চনমনে এই সিরিজে। সাকিব তো ‘সুস্থ প্রতিযোগিতা’টা বোলিংয়েও টেনে এনেছেন। এখানে লড়াইটা মাশরাফির সঙ্গে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়ে। আর এই দুজনের লড়াইয়ের ‘শিকার’ কাল জিম্বাবুয়ের টপ অর্ডার। মাশরাফি দুই উইকেট নিলেন, তো সাকিবও দুটি। তার ফল? ৩৪ রানে জিম্বাবুয়ের প্রথম চার ব্যাটসম্যান নেই! ২১৭-ও তো ততক্ষণে ‘অতল সমুদ্র’। পঞ্চম ও সপ্তম উইকেটে মুর ও ক্রেমারের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছিলেন সিকান্দার রাজা। কিন্তু অতল সমুদ্র কি আর ভেলায় পাড়ি দেওয়া যায়!
ওহ, সাকিব পরে উইকেট নিয়েছেন আরেকটি। ওয়ানডেতে মাশরাফির উইকেট এখন ২৩৭, সাকিবের দুটি কম।
টুর্নামেন্টজুড়ে তামিমের সঙ্গে আরেকটা ‘সুস্থ প্রতিদ্বন্দ্বিতায়’ও কাল হাসিমুখে হার মেনে নিয়েছেন সাকিব। আগের দুই ম্যাচে ৮৪ রান করেও তামিম ম্যাচসেরা হতে পারেননি ব্যাটে-বলে সাকিবের দাপটে। কাল পাল্টে গেল পাশার দান।
কিন্তু এসব প্রতিদ্বন্দ্বিতায় দিনশেষে কী যায়-আসে? তামিমই তো পরশু জানিয়ে দিয়েছেন, পুরস্কার নয়, প্রাপ্তিই মুখ্য।
প্রাপ্তিটা কী? তাঁদের রান-উইকেট, আর বাংলাদেশের জয়!